নিউইয়র্কে 'বাসন' মঞ্চস্থ

নন্দিত নাট্যকার সেলিম আল দীনের প্রথম দিকের লেখা নাটক বাসন গ্রামবাংলার দরিদ্র কৃষকদের জীবনযুদ্ধের গল্প। একদিকে হাস্যরসে, অন্যদিকে তীব্র বিদ্রূপ ও পরিহাসে রচিত এই নাটক জোতদারের হাতে কৃষকের বঞ্চনা ও তার প্রতিবাদে শোষিত মানুষের জ্বলে ওঠার গল্প। প্রথম দিকের রচনা হলেও এই নাটকেই স্পষ্ট হয় শিল্পী হিসেবে সেলিম আল দীনের সমাজসচেতনতা, নাটকের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টিতে তাঁর অঙ্গীকার।
গত রোববার নিউইয়র্কের একটি স্কুলমঞ্চে বাসন মঞ্চস্থ করল বাংলা থিয়েটার নিউইয়র্ক। পরিচালনায় ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ নাট্যকর্মী মুজিব বিন হক। প্রবাসের মঞ্চে অপেশাদার শিল্পীদের নিয়ে এই নাটক মঞ্চায়নের চ্যালেঞ্জ মাথায় রেখে ও তাকে সময়ের উপযোগী করে তুলতে তাঁকে কিছুটা স্বাধীনতা নিতে হয়েছে, পরিচালক গোড়াতেই সে কথা জানিয়ে দেন। কিন্তু তার ফলে নাটকের মূল বক্তব্য অথবা রস উপভোগে দর্শকদের কোনো সমস্যা হয়নি। নিটোল অভিনয়, দক্ষ টিমওয়ার্ক ও সুপরিকল্পিত পরিবেশনার গুণে নাটকটি দর্শকের মন জয় করতে সক্ষম হয়।
এতে যাঁরা অভিনয় করেন তাঁদের মধ্যে ছিলেন আর্থার আজাদ, আনোয়ার সেলিম, শামিম মামুন লিটন, সেমন্তি ওয়াহেদ, ইত্তেহাদ মঞ্জু, মোহাম্মদ কামাল, আলমগীর চঞ্চল ও শিবলি সাদেক। নাটকের উপান্তে সেমন্তি ওয়াহেদের কোরিওগ্রাফ করা একটি নাচের সংযোজন এই প্রযোজনায় নতুন মাত্রা সংযোজন করে।