নিয়মিত পথনাটক অভিনয়ের মৌসুম শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথনাটক ‘শিকারী’র একটি দৃশ্য ফাইল ছবি
পথনাটক ‘শিকারী’র একটি দৃশ্য ফাইল ছবি

বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে নিয়মিত পথনাটক অভিনয়ের বার্ষিক কর্মসূচির এবার পঁচিশ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে এবার পথনাটককে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় হবে পথনাটক প্রদর্শনী।
আগামী ১৬ নভেম্বর বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়মিত পথনাটক অভিনয় মৌসুম ও রজত জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের উৎসব স্লোগান ‘জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন রুখবে এবার জনগণ’। উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেনÑসাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপথিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, পথনাটক পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সাইফুল ইসলাম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখবেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। সভাপতিত্ব করবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।
উদ্বোধনী দিনে অভিনীত হবে মান্নান হীরা রচিত ও নাসিরউদ্দীন ইউসুফ নির্দেশিত এবং বাংলাদেশ পথনাটক প্রযোজিত হত্যা-ধর্ষণবিরোধী পথনাটক ‘শিকারী’। উদ্বোধনী সংগীত পরিবেশন করবে প্রাচ্যনাট।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের পরপর আত্মপ্রকাশ করে বাংলাদেশ পথনাটক পরিষদ। এ সংগঠনের উদ্যোগে ১৯৯১ সালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতি শুক্রবার পথনাটক প্রদর্শনী শুরু হয়। নভেম্বর মাসে শুরু হয়ে এই প্রদর্শনী চলে ১ মে পর্যন্ত। মৌসুম উদ্বোধনের পর এবার একেক শুক্রবার রাজধানীর একেক স্থানে পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।