পঁচাত্তরে 'একশ বস্তা চাল'

নাগাওকা শহরের একটি সামুরাই পরিবারের পিতা ইতো কি হেইতা দিগ্ভ্রান্ত। চাল তো দূরের কথা, এতটুকু খুদও নেই। নিজের পেট খালি, কিন্তু ছেলে সিয়েতারোকে না খাইয়ে রাখেন কীভাবে! চোখের জলে চোখ ভিজিয়ে পিতা ইটো কি হেইটা ঠিক করেন ছেলেকে বৌদ্ধ আশ্রমে ভিক্ষু করে পাঠাবেন, তাতে তো ছেলের মুখে অন্তত এক বেলা অন্ন জুটবে। কিন্তু ছেলের কি তা মনে ধরে!
পিতা-ছেলের এমনি নাটকীয় দ্বন্দ্বে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পিনপতন নীরবতা। আজ ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে শুরু হয়েছিল ‘এক’শ বস্তা চাল’ নাটকের ৭৫তম প্রদর্শনী। জাপানি নাট্যকার ইওজো ইয়া মামতো’র লেখা নাটকটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। জাপান দূতাবাসের সহায়তায় শিল্পকলা একাডেমী নাটকটির প্রযোজনা করেছে।
নাটক প্রদর্শনীর আগে ৭৫তম প্রদর্শনী নিয়ে বক্তব্য দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। অল্প কথায় সবাই মূলত নাটকটির প্রশংসা করলেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সেখানে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে তিনি আসেননি। নাটক প্রদর্শনীর আগে নাট্যশালা লবিতে বিভিন্ন সময়ে মঞ্চস্থ নাটক এবং সংশ্লিষ্ট আলোকচিত্র নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।
নাটকের সময়টা আজ থেকে ১৪০ বছর আগের, ওই সময়ে জাপানের প্রেক্ষাপটে সামুরাই সম্প্রদায়ের বিলুপ্তির সময়টিতে জাপানবাসীর জীবনের যে পালাবদল এবং নবজাগরণ, তা নিয়েই নাটক ‘এক’শ বস্তা চাল’।
নাটকের একপর্যায়ে দেখা আরেক সামুরাই ঢোকে তার মেয়েকে নিয়ে। সামুরাই মাতাল ইগা জেন্নাই। সামুরাই ইগা জেন্নাই মাতাল ঠিকই, কিন্তু মাতাল অবস্থাতেও ভুলতে পারছে না মেয়ের অপমানের কথা। মিলনায়তন কেঁপে ওঠে তাঁর আর্তনাদে। সামুরাই বা তরবারি যে সামুরাইদের প্রবল প্রতাপ, মাথায় ঊর্ধ্বমুখী চুলের খোঁপা ও দেহে কিমোনো পরা পোশাক যাদের অহংকার, শত্রুদের হাত থেকে জীবন বাজি রেখে প্রথম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের অখণ্ডতা রক্ষা করে সবার আগে যে সামুরাই, সেই এক সামুরাই কন্যাকে কিনা জুতা চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে দেহের বসন কিমোনো খুলে নিয়েছে অন্য সম্প্রদায়ের দুর্বৃত্তরা!
একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে সামুরাইদের সম্ভ্রমের ওপর আঘাত। রাগে-ক্ষোভে সামুরাইরা যখন তেতে আগুন, ঠিক তখন তাতে ঘি ঢালল আরেকটি খবর। শোনা গেল, সরকারপ্রধান যে এক শ বস্তা চাল পাঠিয়েছে এ নগরের সামুরাইদের জন্য, তা সামুরাইদের হাতে তুলে না দিয়ে প্রধান উপদেষ্টা বিক্রি করে গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করবেন। ব্যাটা বলে কি, খালি পেটে জ্ঞানের কথা! সামুরাই রেগে তেলে বেগুন হয়ে তরবারি তুলে নিল হাতে। ঠিক হল, প্রধান উপদেষ্টাকে হামলা করা হবে রাতেই। সে কথা দেবে, হয় সকালেই সামুরাইদের হাতে তুলে দেবে চাল, অন্যথায় রাতেই তাকে খতম করা হবে।
পরের দৃশ্যটা এমন, বিছানায় শুয়ে আছে প্রধান উপদেষ্টা কোবাইশি তোরাসাবুরো। চারদিকে নগ্ন তরবারি হাতে ঘিরে রেখেছে সামুরাই। কিন্তু এমন মারমুখী পরিস্থিতিতেও সামুরাইরা তাদের নীতি-ধর্ম ভোলে না। তাদের নীতি ছিল এমন: রণাঙ্গনে হেরে গেলেও ক্ষমা চাইবে ওরা। আবার নিরস্ত্রকে, বিশ্রামরত মানুষকে তরবারি হাতে হামলা করা তাদের নীতিবিরুদ্ধ। এমন পরিস্থিতিতে বাঁচা কিংবা মরার স্বার্থেই প্রধান উপদেষ্টাকে তারা আহ্বান জানায় সংলাপ যুদ্ধে। উপদেষ্টা সে আহ্বানে সাড়া দিয়ে অবতীর্ণ হন সংলাপ যুদ্ধে। প্রধান উপদেষ্টা তাদের বুঝিয়ে বলেন, আপনারা যখন যুদ্ধের ময়দানে তখন আপনাদের সামনে হয় জয়, নচেৎ মৃত্যু। আপনারা করেনও তাই। সেখানে ক্ষুধা, তৃষ্ণা, হতাশা, বিপদ কিছুই কিছু না। কিন্তু আজ জাপানে যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধ ছড়িয়েছে পুরো জাপানে। এ যুদ্ধ দলের সঙ্গে উপদলের, গোত্রের সঙ্গে ভিন্ন সম্প্রদায়ের। এক শ বস্তা চাল বিক্রির অর্থের বিনিময়ে নির্মিত স্কুলের যাত্রার মধ্য দিয়ে এ যুদ্ধযাত্রা শুরু। এ যুদ্ধ দারিদ্র্যের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে, দেশকে এগিয়ে নেওয়ার পক্ষে।’ প্রধান উপদেষ্টার শিক্ষাযাত্রা যখন শুরু তখন রাত শেষে দূর প্রভাতে নতুন সূর্যের উদয়। প্রধান উপদেষ্টা কোবাইশি তোরাসাবুরোর হাতে হাত ধরে সব সামুরাইয়ের এগিয়ে চলার মধ্য দিয়ে শেষ হয় নাটক ‘এক শ বস্তা চাল’।