পরিত্রাণ' আসছে ঢাকার মঞ্চে

দলটির নামই ‘নাট্যদল’। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি কেন্দ্রিক মঞ্চনাটক চর্চাকারী একটি দল। নাটকের অনুশীলন ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত তারা। ‘শামুককাল’ দিয়ে মঞ্চাঙ্গনে যাত্রা করে নাট্যদল। দ্বিতীয় প্রযোজনা ‘পতাকা’র পর তারুণ্যদীপ্ত এ নাট্যসংগঠন এবার মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক ‘পরিত্রাণ’। জায়েদ জুলহাস রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যদলের দলপ্রধান সাগর সরদার।
নতুন এ প্রযোজনা প্রসঙ্গে নাটকটির নির্দেশক বলেন, এ নাটকটি বহুল আলোচিত চারটি বিষয়বস্তুর ওপর ভিত্তি করে ইতিহাস এবং সমসাময়িক কালের সেতুবন্ধ হিসেবে রচিত হয়েছে। সফোক্লিসের ‘ইডিপাস’, মলিয়রের ‘ভণ্ড তারতুফ’, সিকান্দার আবু জাফরের ‘নবাব সিরাজ উদ্দৌলা’ এবং কাশীরাম দাশের ‘মহাভারত’ই

নাটকের মূল উপজীব্য বিষয়। অতীত-বর্তমানের পরম্পরায় নাগরিক জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা অসংগতি থেকে পরিত্রাণের আহ্বান হিসেবে নির্মিত। বিশ্বসেরা চারটি নাটকের অংশবিশেষ নিয়ে রচিত হলেও মূলত এটি আধুনিক ধাঁচের একটি পরীক্ষণমূলক প্রযোজনা।
নির্দেশক জানান, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৬ জুন নাটকটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিগগিরই উদ্বোধন হবে ঢাকার মঞ্চে।
নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন মাসুম বিল্লাহ, কর্নেল হাসান, মানিক শুভ্র, মৃত্যুঞ্জয় পাল, সজল আহম্মেদ, কামরুল ইসলাম, কামরুন নাহার, রিফাত হাসান ও সাগর সরদার।