পশ্চিমবঙ্গের বর্ধমানে উদীচী'র হাফ আখড়াই

ভারতের বর্ধমানে আয়োজিত গঙ্গা-যমুনা নাট্য উৎসবের আমন্ত্রিত দল হিসেবে ‘হাফ আখড়াই’ এবং ‘বৌ-বসন্তি’—এ দুটি নাটক নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সেখানকার নাট্যপ্রেমীদের মন জয় করলো উদীচীর দর্শকনন্দিত নাটক ‘হাফ আখড়াই’। এ সফরের সমন্বয়ক উদীচীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম প্রথম আলোকে জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বর্ধমানের সংস্কৃতি মঞ্চে আয়োজিত হয় ‘হাফ আখড়াই’ নাটকটির প্রদর্শনী। মিলনায়তনভর্তি দর্শক নাটকটি উপভোগ করেছে। নাটকশেষে শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন দর্শক।
কলকাতার প্রখ্যাত টপ্পা গায়ক রামনিধি গুপ্ত প্রতিষ্ঠিত আখড়াইকে নিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে। ওই দিন নাটক শেষে আয়োজকদের পক্ষ থেকে উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। আর উদীচীর পক্ষ থেকে আয়োজকদের হাতে দেওয়া হয় উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর স্মারক গ্রন্থ, রণেশ দাশগুপ্ত রচিত ‘আলো দিয়ে আলো জ্বালা’ এবং উদীচীর ইতিহাস বিষয়ক সংকলন উদীচীর ৪০ বছর বইটি। আজ সন্ধ্যায় একই মঞ্চে পরিবেশিত হবে উদীচীর ‘বৌ-বসন্তি’।
উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদারের নেতৃত্বে কেন্দ্রীয় নাটক বিভাগের ৩০ সদস্যের একটি দল এ সফরে গেছে। প্রবীর সরদার জানান, প্রথম দিন এখানে এসে আমরা পুরো নাটকের অনুশীলন করি। সন্ধ্যায় সফলভাবে মঞ্চস্থ হয় নাটকটি। নাটক শেষে দেখলাম দর্শকের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে গল্প এবং শিল্পীদের অভিনয়। স্থানীয় নাট্যকর্মী এবং দর্শকেরা আমাদের কাছে নাটকের প্রশংসা করে প্রতিক্রিয়া জানিয়েছে।’
উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক রতন সিদ্দিকীর লেখা, আজাদ আবুল কালাম পরিচালিত ‘হাফ আখড়াই’ নাটকটির গল্প উনিশ শতকের গোড়ার দিকে বাংলা টপ্পা গানের একটি দলকে ঘিরে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, নারীর প্রতি সে সময়ের সমাজের দৃষ্টিভঙ্গি, ধনী-গরিব বৈষম্য প্রভৃতি বিষয়ই এ নাটকটির মূল প্রতিপাদ্য।