পাঁচ মাসে ২০টি নতুন ওয়েব সিরিজ বিঞ্জে
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ পাঁচ মাসে ২০টি নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছে। রেড ডিজিটালের ভিডিও এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের দাবি, এত কম সময়ে দেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত ওয়েব সিরিজের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ।
নতুন ওয়েব সিরিজ ছাড়াও দেশি ও বিদেশি নানান কনটেন্ট প্রকাশিত হয়েছে বিঞ্জে। সিরিজগুলো সামাজিক অসঙ্গতি, পারিবারিক বন্ধনসহ বিভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি। সম্প্রতি এই প্ল্যাটফর্মের বাঘ বন্দি সিংহ বন্দি সিরিজের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ওয়েব ফিল্ম বেশ দর্শকপ্রিয় হয়েছে। দেশের পাঁচজন নির্মাতা করোনাকালীন মানবিক বিপর্যয়ের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে এগুলো তৈরি করেছেন।
রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, ওয়েব সিরিজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিঞ্জ। চোখধাঁধানো সব আন্তর্জাতিক মানের ভিএফএক্সসহ আধুনিক সব প্রযুক্তি ওয়েব সিরিজ নির্মাণে ব্যবহৃত হচ্ছে। আর এতে শিল্পী ও কলাকুশলীদের কাজেরও সুযোগ বাড়ছে।
এ ছাড়া বেশ কয়েক বছর ধরেই বাংলাভাষী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলায় ডাব করা বিদেশি ধারাবাহিক। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোয় তুর্কি ধারাবাহিকগুলো পছন্দ করেছেন দর্শকেরা। এবার অনলাইনেই দেখা যাবে বাংলায় ডাব করা তুর্কি ওয়েব সিরিজ। বিনজ ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে দেখা যাবে এটি।
রেড ডিজিটালের এই প্ল্যাটফর্ম যাত্রা করেছে পাঁচ মাস হলো। নানা কনটেন্টের পাশাপাশি এবার তারা দেখাবে তুর্কি ওয়েব সিরিজ ‘লেটস ব্রেকআপ’। রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তুরস্কের জনপ্রিয় পরিচালক ইউসুফ ওমর সিনাভ। প্রযোজনা করেছেন ওসমান সিনাভ।
সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি সিরিজটির স্ক্রিপ্ট লিখেছেন অ্যাইসে ফারদা এরিলমাজ এবং নেহির এরদেম। অভিনয় করেছেন নিলায় দুরু, আরাস আইদিন, গুরজেন ওজসহ আরও অনেকে। প্রথম সিজনে সিরিজটির মোট ১৪টি পর্ব রয়েছে এবং প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৪৫ মিনিট।
ওয়েব সিরিজে দেখা যায়, তরুণ উলাস অনেক নারীর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। কিছুদিন পর উলাস নিজেই তা বিচ্ছেদ করে। কিন্তু উলাসের সঙ্গে বিচ্ছেদের পর সেসব নারী খুঁজে পায় তাদের স্বপ্নের মানুষকে। উলাসের জীবনকাহিনি নিয়ে একটি রিয়েলিটি শো আয়োজনের পরিকল্পনা করে টিভি অনুষ্ঠান নির্মাতা তুরগাই। এর জন্য তুরগাই আজিজেকে পছন্দ করে। তার কাজ হলো উলাসের সঙ্গে প্রেমের অভিনয় করবে এবং একটা সময় বিচ্ছেদ করে দেবে। কিন্তু শো চলাকালে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে এবং একসময় উলাস সত্যিই প্রেমে পড়ে যায়।
রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, বিনজ একদিকে দেশি ওয়েব সিরিজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, অন্যদিকে বিভিন্ন দেশের জনপ্রিয় ও মানসম্মত কনটেন্টগুলোও বাংলাদেশের বিনোদনপ্রেমী মানুষের কাছে নিয়ে আসতে চেষ্টা করছে। সারা বিশ্বের মতো এখানেও বিদেশি সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে। দর্শকদের এই চাহিদার বিষয়টি বিবেচনা করে বিনজ প্ল্যাটফর্মে বাংলায় ডাব করা তুর্কি, কোরিয়ান, চায়নিজ ও ইংরেজি কনটেন্ট আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিরিজের ডাবিং বাংলাদেশেই করা হবে। দেশের বাচিকশিল্পীরাই এ কাজ করবেন।
জানা গেছে, ওয়েব সিরিজটি ছোট ও বড় স্ক্রিনে (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) হায়ার ডেফিনেশন-এইচডিতে দেখা যাবে। যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে দর্শকেরা বিনজের কনটেন্ট দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনজের কনটেন্ট উপভোগ করতে দর্শকদের গুগল প্লে স্টোর থেকে বিনজ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তিনটি সাবসক্রিপশন প্যাকেজ রয়েছে।