পাঁচ হাজারে প্রদর্শনী করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবের উদ্বোধনীতে বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
উৎসবের উদ্বোধনীতে বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

পুনর্নির্মাণ শেষে নতুন করে উদ্বোধনের পর থেকে নাট্যকর্মীদের দাবি ছিল, মহিলা সমিতির মঞ্চের ভাড়া কমাতে হবে। নাটক প্রদর্শনীর জন্য ১৫ হাজার টাকায় মিলনায়তন ভাড়া নেওয়া সম্ভব নয়। নাট্যকর্মীদের দাবির মুখে মিলনায়তনের মঞ্চে নাটকের প্রদর্শনীতে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এখন থেকে প্রতি প্রদর্শনীতে প্রায় ১০ হাজার টাকা ভর্তুকি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়।

গতকাল শনিবার জাতীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মহিলা সমিতির নবনির্মিত মঞ্চে নাটকের প্রদর্শনী করতে প্রায় ১৫ হাজার টাকা ভাড়া দিতে হয়। নাট্যকর্মীদের পক্ষ থেকে দাবি এসেছিল সেটা যেন ৫ হাজার টাকা করা হয়। এখন থেকে মহিলা সমিতি মঞ্চে প্রতি মাসের বিশ দিন ৫ হাজার টাকায় নাটকের প্রদর্শনী করতে পারবে নাট্যসংগঠনগুলো। মিলনায়তনের ভাড়ার বাকি টাকা সংস্কৃতি মন্ত্রণালয় ভর্তুকি দেবে।’

‘ভাঙাগড়া নাট্যোৎসব’ দিয়ে যখন মহিলা সমিতি ভবনের মিলনায়তন যাত্রা শুরু করে
‘ভাঙাগড়া নাট্যোৎসব’ দিয়ে যখন মহিলা সমিতি ভবনের মিলনায়তন যাত্রা শুরু করে

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি মহিলা সমিতির নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৮ ফেব্রুয়ারি থেকে মহিলা সমিতির নবনির্মিত ‘নীলিমা ইব্রাহিম’ মঞ্চে শুরু হয় ‘ভাঙাগড়া নাট্যোৎসব’। তিন দিনের ওই উৎসবের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ উৎসবের মধ্য দিয়ে মহিলা সমিতি মঞ্চে আবারও নিয়মিত নাটকের প্রদর্শনী শুরু হয়।
স্বাধীন বাংলাদেশের নাট্য আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে মহিলা সমিতি ওই মঞ্চটি। ১৯৭৩ সালে এই মঞ্চেই প্রথম টিকিটের বিনিময়ে নাটকের প্রদর্শনী শুরু হয়। ২০১১ সালে নতুন ভবন নির্মাণের জন্য মহিলা সমিতির পুরোনো মঞ্চটি ভেঙে ফেলা হয়।