পালাকার তৈরি না হলে পালা একসময় হারিয়ে যাবে

খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন ভারতের চাকদহ নাট্যজনের নাটক ‘ভানু সুন্দরীর পালা’ শততম মঞ্চস্থ হলো। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের তরুণ নাট্যকর্মী সায়িক সিদ্দিকী। বাংলাদেশেও কাজ করছেন নাটকে পালার ফর্ম নিয়ে। তাঁর বর্তমান কাজ ও ব্যস্ততা নিয়ে কথা হলো প্রথম আলোর সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের চাকদহ নাট্যজনের ‘ভানু সুন্দরীর পালা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের তরুণ নাট্যকর্মী সায়িক সিদ্দিকী
সংগৃহীত

প্রশ্ন :

দেশের বাইরে আপনার নির্দেশিত নাটকের শততম মঞ্চায়ন হলো। এই নাটক পরিকল্পনা ও শততম রজনী পর্যন্ত আসার ভ্রমণটা জানতে চাই।

আমি অনেক বছর ধরে পালা নিয়ে কাজ করছি। ঢাকার একটি নাট্যদল পদাতিক নাট্য সংসদে আমার লেখা পালা ‘গুণজান বিবির পালা’ নির্দেশনা দিই। পালাটি ভারতের চাকদহ নাট্যজনের আমন্ত্রণে তাদের নাট্যোৎসবে প্রদর্শিত হয়। ওই থিয়েটারের প্রধান পালাটি দেখে আমাকে অনুরোধ করেন, আমি যেন ভারতে গিয়ে তাঁদের একটা পালা তুলে দিই। আমি তখন তাঁর প্রস্তাব গ্রহণ করে ভারতে যাই আমার লেখা আরেকটি পালা ‘ভানু সুন্দরী’ নিয়ে। পালাটি উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে লিখেছি। যেটি বাংলাদেশে ময়মনসিংহের অন্বেষা থিয়েটার অনেকবার মঞ্চস্থ করেছে আমাদের দেশের বিভিন্ন মঞ্চে। সেই পালা বেশ কিছুদিনের টানা কর্মশালা ও মহড়ার মাধ্যমে ভারতের চাকদহ নাট্যজনের অভিনয়শিল্পীদের তুলে দিই। বেশ কয়েক দিন টানা পরিশ্রম করে দলের ছেলেমেয়েরা পালাটি প্রথম মঞ্চস্থ করে ২০১৮ সালের ১৮ এপ্রিল। এরপর আর পেছনে তাকাতে হয়নি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুধু ছুটে বেড়িয়েছে দলটি। সেই ছুটে বেড়ানো ১০০তম রজনীতে এসে ঠেকল।

প্রশ্ন :

দেশের বাইরে কোথায় কোথায় পালা নিয়ে কাজ করেছেন। সামনে কী পরিকল্পনা আছে?

২০১৭ সালে আইটিআই বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হয় স্পেনে। আমি সেখানে পালা করেছিলাম। তারপর ভারতের পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পালা করেছি। আমার রচিত ও নির্দেশিত পালা ‘ভানু সুন্দরী’ ভারতের চাকদহের চাকদহ নাট্যজন এবং বাঁকুড়াতে বাঁকুড়া থিয়েটার একাডেমি ‘কইন্যা শশীর পালা’ মঞ্চস্থ করছে ভারতে বিভিন্ন জায়গায়।

বাংলাদেশেও তিনি কাজ করছেন নাটকে পালার ফর্ম নিয়ে
সংগৃহীত

প্রশ্ন :

পালা নিয়ে কাজের অভিজ্ঞতা বলুন?

আসলে প্রতিটি জায়গায় পালা করতে গিয়ে সবার ভালোবাসা পেয়েছি। একেকটা নতুন ভালো লাগার অভিজ্ঞতা জন্ম নিয়েছে আমার মনের ভেতর। অভিজ্ঞতার কথা কী বলব, যেখানেই পালা নিয়ে কাজ করতে গিয়েছি, সেখানেই দেখেছি সবাই পরম মমতায়, পরম ভালোবাসায় আমার বাংলাদেশের পালাকে বুকে তুলে নিয়েছে। এটাই আমার সুখের অভিজ্ঞতা।

প্রশ্ন :

নাটক নির্দেশনার ক্ষেত্রে পালা ফর্মটিকে ব্যবহারের অনুপ্রেরণা পেলেন কোথা থেকে?

আমার জন্ম কিশোরগঞ্জ আর দাদার বাড়ি নেত্রকোনায়। এ দুটি জেলাকে পালার আঁতুড়ঘর বলা যেতে পারে। ছোট থেকেই পালা ফর্মটি আমার ভীষণ ভালো লাগত। সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে পালায় নিবেদিত হয়ে যাই।

আহির বাংলা পালাকার তৈরির জন্য কর্মশালা করিয়ে যাচ্ছে
সংগৃহীত

প্রশ্ন :

পালা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

পালাকার তৈরি করা। কারণ, পালাকার তৈরি না হলে পালা একসময় হারিয়ে যাবে। তাই বিভিন্ন জায়গায় আমার দল আহির বাংলা থেকে পালা নিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে পালাকার তৈরির জন্য কর্মশালা করিয়ে যাচ্ছে।