পুতুলনাট্যে 'জনৈক গরুর সাক্ষাৎকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতুলনাট্য উৎসবের একটি পোস্টার
পুতুলনাট্য উৎসবের একটি পোস্টার

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে পুতুলনাট্য। এতে পুতুলেরা অভিনয় করবে মুনীর চৌধুরীর ‘কুপোকাত’, জসীম উদদীন ও উপেন্দ্রকিশোর রায়ের ‘টুনটুনি ও নাককাটা রাজা’ এবং প্রথম আলোর সাপ্তাহিক রম্য ক্রোড়পত্র রস+আলোর অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকার’ নাটকগুলোতে।
শিল্পকলা একাডেমির উদ্যোগে, একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ পরিবেশন করবে ঐতিহ্যবাহী এ পুতুলনাট্য। পুতুলনাট্যের পরিকল্পক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রশীদ হারুন। ঐতিহ্যবাহী পুতুলনাট্যকে টিকিয়ে রাখা ও একে সমৃদ্ধ করে এই শিল্প আঙ্গিকের শক্তির সম্ভাবনার দিকগুলোকে নানা কাজে ব্যবহারে উজ্জীবিত করার লক্ষে এই আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
পুতুলনাট্যের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ ও রশীদ হারুন।
‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬’ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে নানা আয়োজন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে নন্দন মঞ্চে থাকবে বাংলাদেশের সব জেলা শিল্পকলা একাডেমির শিশু ও বড়দের পরিবেশনায় সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা।