প্রথমবারের মতো মহিলা সমিতিতে 'নদ্দিউ নতিম'

জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন ১৩ নভেম্বর। তাঁর জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের নবনাট্য আন্দোলনের সূতিকাগার বেইলি রোডের মহিলা সমিতির নবনির্মিত ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে ম্যাড থেটার প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকের বিশেষ প্রদর্শনী।
১২ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির বিশেষ প্রদর্শনী শুরু হবে।
হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান ও আবহসংগীত আর্য মেঘদূত।
ম্যাড থিয়েটারের প্রধান ও নাটকটির নির্দেশক আসাদুল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদকে তাঁর কাজের মধ্য দিয়ে স্মরণ করতেই ম্যাড থেটারের এ আয়োজন। নাটকে একজন কাল্পনিক উজবেক কবি ও একজন মানসিক প্রতিবন্ধী শিশুর মনোজাগতিক বিশ্লেষণ দেওয়া হয়েছে।