
‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না...’ অভ্যুদয়ের এই উদ্বোধনী সংগীতের সঙ্গে সঙ্গে জ্বলে উঠল মঞ্চের মঙ্গলপ্রদীপগুলো। শুধু মঞ্চ কেন, প্রদীপ জ্বলল শিল্পকলা একাডেমী ভবনের ব্যালকনি, ফটক—সবখানে। আগত দর্শকদের হাতেও মঙ্গলপ্রদীপ। এ যেন অন্ধকারের বিরুদ্ধে আলোর মিছিল।
এভাবেই গতকাল শুক্রবার পর্দা উঠল চট্টগ্রামের নাট্যদল নান্দীমুখের নয় দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোত্সবের। দলের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল ও নরওয়ের বিভিন্ন দল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাদের কথায়ও ছিল অন্ধকারকে জয় করার প্রত্যয়। প্রধান অতিথি নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্প-সংস্কৃতির চর্চার সুযোগ রাখা দরকার। শিল্প-সাহিত্য-সংস্কৃতি ছাড়া মানুষ হওয়া যায় না।’
উত্সবের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘নাটকের মান ভালো হলেও চট্টগ্রাম নাটকের অনুদানসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে। এই বৈষম্য দূর করা জরুরি।’
নান্দীমুখের দলনেতা অভিজিৎ সেনগুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি খালেদ হেলাল ও চট্টগ্রাম বিভাগীয় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক সাইফুল আলম।
উদ্বোধনী দিনে ভারতের আসাম রাজ্যের অসম রঙ্গকথা পরিবেশন করে নাটক সূত্র। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন নিরঞ্জন ভূঁইয়া।
আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চায়িত হবে ভারতের গোবরডাঙ্গার নাট্যদল নকশার নাটক বিনোদিনী। আগামীকাল হবে নেপালের দল মান্দালার সারজমিন নাটকের মঞ্চায়ন।
আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে নান্দীমুখের এই আন্তর্জাতিক নাট্যোৎসব।