সাবেক প্রেমিক-প্রেমিকার ভূমিকায় আলী যাকের ও ফেরদৌসী মজুমদার

মঞ্চ অনুরাগীদের জন্য খবরটি নিঃসন্দেহে আনন্দের। নাটকের দল ‘থিয়েটার’ দুটি নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে। নাটক দুটি হচ্ছে শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস’ এবং এ আর গার্নির ‘লাভ লেটারস’।
থিয়েটার প্রধান রামেন্দু মজুমদার প্রথম আলোকে জানান, ‘লাভ লেটারস’ নাটকটিতে প্রধান আকর্ষণ থাকবে আলী যাকের ও ফেরদৌসী মজুমদারের দ্বৈত অভিনয়। নাগরিক নাট্য সম্প্রদায়ের আলী যাকের এ নাটকে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন। দুজন সাবেক প্রেমিকের চিঠি পড়ার মাধ্যমে নাটকের কাহিনি উন্মোচিত হয়।
শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস’ নাটকের গদ্যে রূপান্তর করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর নাট্যরূপ দিয়েছেন রামেন্দু মজুমদার। তাঁরই নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হবে। ঈদের পর থেকে নিয়মিত মহড়া শুরু হবে।
এ আর গার্নির ‘লাভ লেটারস’-এর বাংলা রূপান্তর করেছেন আবদুস সেলিম। নাম দিয়েছেন ‘প্রেমপত্র’। শিগগিরই নাটকটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন নির্দেশক ত্রপা মজুমদার।

থিয়েটার ইতিমধ্যে ৪৬টি নাটক প্রযোজনা করেছে। থিয়েটারের চলতি প্রযোজনার মধ্যে রয়েছে ‘মায়া নদী’, ‘বারামখানা’, ‘কুহকজাল’, ‘মেরাজ ফকিরের মা’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘মুক্তি’ ও ‘কোকিলারা’।
থিয়েটার গত পয়লা বৈশাখে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে একদিনে তিনটি নাটক মঞ্চস্থ করে সাড়া ফেলে নাট্যঙ্গনে। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘মায়া নদী’ ও ‘মেরাজ ফকিরের মা’ নাটক তিনটি মঞ্চস্থ করে।