প্রাচ্যনাট স্কুলের ১৫ বছর

দেখতে দেখত ১৫ বছর পার করল নাটকের দল প্রাচ্যনাটের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’। শুক্রবার ২৯ জুলাই রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও স্কুলের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান হবে। সারা দিন নানা আয়োজনে শামিল হবে প্রাচ্যনাটের শিক্ষার্থীরা।
প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক তৌফিকুল ইসলাম জানান, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের পাশাপাশি বহিরাঙ্গনেও থাকবে উৎসবের নানা আয়োজন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, কোরিওগ্রাফি, সংগীত, পারফর্মিং আর্ট, নাটক, তথ্যচিত্র প্রদর্শনী। এদিন প্রাচ্যনাট স্কুলের ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চায়ন করবে তাদের কোর্স সমাপনী প্রযোজনা ‘সিরাজদ্দৌলা’। যাত্রাপালাটির নির্দেশনা দিয়েছেন জগন্ময় পাল ।
এই আয়োজনে অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, যাত্রাশিল্পী ও সংগঠক মিলন কান্তি দে, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত ও নিশাত মজুমদার।
সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। স্কুলের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও বিভিন্ন নাট্য সংগঠনের নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন। রাতে আগুন খেলার মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।