প্রাণচাঞ্চল্য ধরে রেখেছে শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে গৌড়ীয় নৃত্যের কর্মশালায় শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমিতে গৌড়ীয় নৃত্যের কর্মশালায় শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

অতিকায় এক নিঃসঙ্গ টেলিভিশন ঝুলছে নাট্যশালার দেয়ালে। শিল্পকলা একাডেমির কর্মকাণ্ড নিয়ে তৈরি তথ্যচিত্রের অংশবিশেষ চলছে তাতে। কখনো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মুখ ভেসে উঠছে, নির্বাক। প্রাণচঞ্চল এই প্রাঙ্গণকে এমন নিস্তব্ধ খুব কমই দেখা যায়। অথচ প্রায় প্রতিদিনের দৃশ্য হয়ে উঠছে এটা।
সংগীত ও নৃত্যকলা ভবনের ফটকে তেমন কড়াকড়ি থাকে না। শুধু জানতে চাওয়া হয়, ‘কোথায় যাবেন?’ ওই ভবনের ১০৪ নম্বর কক্ষে চলছিল একটি নৃত্যগোষ্ঠীর মহড়া। নাট্যশালার মূল ফটকের সামনে যন্ত্র হাতে সতর্ক তল্লাশির পর ঢুকতে হচ্ছে সবাইকে। গত বুধবার বিকেলে সেখানে গিয়ে অল্প কিছু মানুষের দেখা পাওয়া যায়। আড্ডা দিচ্ছিলেন ফটকের বাইরে। নিরাপত্তার খাতিরে খাবার ও চায়ের অস্থায়ী দোকানগুলো তুলে দেওয়া হয়েছে।
নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যচক্রের ৪৪ বছর পূর্তির আয়োজন। এক দর্শক জানতে চান, ‘গডোর প্রতীক্ষায় স্টুডিও থিয়েটারে চলছে না?’ সেমিনারকক্ষে একটু প্রাণ পাওয়া যায়। সেখানে একঝাঁক ছেলেমেয়ে অংশ নিয়েছেন গৌড়ীয় নৃত্যের কর্মশালায়। ভারত থেকে এসেছেন মহুয়া মুখোপাধ্যায়। নানা বয়সী নৃত্য–শিক্ষার্থীরা কেমন করছেন—জানতে চাইলে তিনি বললেন, ‘বেশ ভালো। বয়স কোনো ব্যাপার না, ওরা অল্পতেই ধরতে পারছে।’ বাইরে অপেক্ষারত একজন মা ভেতরে ঢুকে আঙুল তুলে বলেন, ‘ওই যে সবচেয়ে ছোট ছেলেটা, আমার। সব নাচ পারে।’
কর্মশালার ছেলেমেয়েদের ছুটি হলে বোঝা যায়, শিল্পকলা প্রাণচাঞ্চল্য ধরে রাখতে পেরেছে। তাঁরা দল বেঁধে ফটকের মুখে এসে দাঁড়ান। সবাই একসঙ্গে বের হবেন বলে পুরো ফটক মেলে ধরা হয়।