প্রেম ও প্রেমের করুণ পরিণতির গল্পে তাঁরা
ওয়েব সিরিজ ‘মহানগর’ দিয়ে আলোচনায় আসেন দুই তারকা খাইরুল বাসার ও রোকাইয়া জাহান। এই জুটিকে নিয়েই নিকুল কুমার মণ্ডল বানালেন নতুন নাটক ‘অবশেষে একা’।
নিকুল কুমার মণ্ডল মূলত অভিনেতা। টেলিভিশন নাটকে নানা ধরনের চরিত্রে তাঁকে দেখা গেছে। ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’র মতো চলচ্চিত্রেও তাঁর চরিত্রটি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পরিচালনায় নেমেছেন। কিছুদিন আগে প্রচারিত হয়েছে তাঁর পরিচালিত প্রথম নাটক ‘নুরুলের শেষের কবিতা’। এবার নিকুল নির্মাণ করলেন ‘অবশেষে একা’। লিমন আহমেদের রচনায় নাটকটিতে জুটি বেঁধেছেন খাইরুল বাসার ও রোকাইয়া জাহান। ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি এই নাটকের শুটিং শেষে হয়েছে।
পরিচালক নিকুল কুমার মণ্ডল বলেন, দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প এই নাটকে তুলে ধরা হয়েছে। দারুণ অভিনয় করেছেন খাইরুল বাসার ও চমক।
নাটকটি প্রসঙ্গে খাইরুল বাসার বলেন, ‘প্রেম যেমন আছে, তেমনি আছে কমেডি ধাঁচের সংলাপ। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন রোকাইয়া জাহান। তিনি তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প। অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে।’
পরিচালক জানান, শিগগির নাটকটি দেশের জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।