প্রয়াত নাট্যসংগঠক স্মরণে গহনযাত্রা

পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাট্যজন আবু মুহাম্মাদ মুরতাঈশ কচির সম্মানে আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক গহনযাত্রা।
গত মঙ্গলবার ছিল আবু মুহাম্মদ মুরতাঈশের ১৪তম মৃত্যুবার্ষিকী। প্রয়াত এই নাট্যসংগঠককে স্মরণ করতে কাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে হবে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)-এর নতুন নাটক ‘গহনযাত্রা’র পঞ্চম মঞ্চায়ন।
এই ভূখণ্ডের উগ্রপন্থা নিয়ে রচিত নাটকটিতে তুলে ধরা হয়েছে উগ্রপন্থার অনুসারীদের বিপরীত মত প্রত্যাখ্যানের কাহিনি। নিজেদের মত প্রতিষ্ঠার জন্য তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষণ করে অসংখ্য নারী। রুবাইয়াত আহমেদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেছেন শামছি আরা সায়েকা।