ফেডারেশনের বিক্ষোভ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাট্যদল বহুরূপী নাট্য সংস্থার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নাট্যজনেরা। তারা বলেছেন, এই হামলা সংস্কৃতি-প্রগতিশীলতাকে ধ্বংসের প্রক্রিয়া। সে সঙ্গে অনতিবিলম্বে এ হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। আর এ দাবির পক্ষে নাট্যকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাট্যজনেরা।
গত ১৩ সেপ্টেম্বর ঈদের দিন আনুমানিক বিকেল ৩টার দিকে একদল দুর্বৃত্ত বহুরূপী কার্যালয়ের গ্রিল ভেঙে ভেতরের আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এতে সংহতি জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ ও পথনাটক পরিষদ। এতে বক্তব্য রাখেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, আতাউর রহমান, এনামুল হক, কেরামত মাওলা, ম. হামিদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এতে সভাপতিত্ব করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী।
রামেন্দু মজুমদার বলেন, ‘অন্ধকার থেকে উঠে আসা মৌলবাদী-সাম্প্রদায়িক ও জঙ্গিবাদীদের অশুভ চক্র ক্রমেই সংস্কৃতিমনা-অসাম্প্রদায়িকদের বিপক্ষে এক জোট হয়ে দাঁড়াচ্ছে। মানুষের মনের সব অন্ধকার দূর করে তাদের জাগরণ ঘটাতে পারবে কেবল সংস্কৃতির শক্তি। তারাই রুখে দাঁড়াবে এসব সন্ত্রাস।’

নাসিরউদ্দীন ইউসুফ বলেন, ‘প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর এই হামলা আসলে মুক্তিযুদ্ধের চেতনা আর সার্বভৌমত্বে বিশ্বাসী বাঙালি সংস্কৃতিকর্মীদের ওপর হামলা।’
আতাউর রহমান বলেন, ‘মঞ্চনাটক সব সময় মৌলবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। সত্য, প্রগতি আর মানুষের কথা বলে নাটক। এই নাট্যকর্মীদের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সংস্কৃতির ওপর হামলার ঘটনায় সংস্কৃতিবান্ধব সরকার তো কিছু করছে না।’
হাসান আরিফ বলেন, ‘উৎসবের দিনে এ ধরনের ন্যক্কারজনক কাজের সাহস কীভাবে পায় দুর্বৃত্তরা? ময়মনসিংহ শহরে বহুরূপীর কার্যালয় ছিল সেখানকার প্রগতিশীলদের ঠিকানা। এ ঘটনার প্রতিবাদে সংস্কৃতিকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাবে। আশা করি, সারা দেশের সংস্কৃতিকর্মীরা স্থানীয় পর্যায়ে এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করবে।’
ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার পক্ষ থেকে প্রতিবাদসভায় আগত তাপস তালুকদার এ বিষয়ে প্রতিবাদী নাটক লেখার আহ্বান জানান সমবেতদের।
খুলনায়ও বিক্ষোভ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাট্যদল বহুরূপী নাট্য সংস্থার ওপর হামলার প্রতিবাদে গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন খুলনার নাটকের দল নাট্যলোক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত বিক্ষোভে উপস্থিত ছিলেন নাট্যনিকেতনের সভাপতি ও সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজা, নাট্যজন শরিফুল ইসলাম, শরীফ খান প্রমুখ।