ফেরদৌসী মজুমদারের 'মুক্তি' যাচ্ছে মৌলভীবাজারে

থিয়েটার (নাটক সরণি) প্রযোজিত নাটকটি প্রথম মঞ্চে এসেছে ২০০৪ সালের ২৭ নভেম্বর। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। আগামীকাল ‘মুক্তি’ নাটকটি মঞ্চস্থ হবে মৌলভীবাজার জেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে নাটকটির মঞ্চায়ন। আমেরিকান নাট্যকার লি ব্লেসিংয়ের ‘দি ইনডিপেনডেন্ট’ অবলম্বনে নাটকটির ভাষান্তর করেছেন মিজারুল কায়েস। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।
নাটকটিতে ‘মা’-এর চরিত্রে ফেরদৌসী মজুমদার অভিনয় করেছেন। এটাই নাটকের মূল চরিত্র। ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তামান্না ইসলাম, তানজুম আরা ও তানভিন সুইটি।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধব এবার আপন অঞ্চলে’—এই স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার ‘নটমণ্ডপ’-এ চলছে মাসব্যাপী নাট্যমেলা। গত ২৭ অক্টোবর নাট্যমেলা উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। মণিপুরি থিয়েটারের ৫টি ও ঢাকার ৬ টি’সহ মোট ১১টি নাটক মঞ্চস্থ হচ্ছে।
