বগুড়ার মঞ্চে 'চিত্রাঙ্গদা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চিত্রাঙ্গদা’র একটি দৃশ্য
‘চিত্রাঙ্গদা’র একটি দৃশ্য

গতকাল ছুটির দিন হওয়ায় কোলাহল মুখরিত কর্মব্যস্ত বগুড়া শহরে মানুষের আনাগোনাও ছিল অন্যদিনের চেয়ে কম। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখা গেল শহীদ টিটু মিলনায়তনমুখী দর্শকের স্রোত।

সেট ডিজাইনার উজ্জ্বল হাসান আর আলোক নির্দেশক ঠান্ডু রায়হান নিপুণ হাতে সাজিয়েছেন আলো-আঁধারির মঞ্চ। জমকালো এই আয়োজন ছিল আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’কে ঘিরে। এটি তাদের দশম প্রযোজনা। এবারের প্রযোজনার স্লোগান ‘উগ্রবাদ হিংসার বিরুদ্ধে শান্তির বাণী’।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য রচিত হয়েছে মহাভারতের অর্জুন ও চিত্রাঙ্গদার প্রেমালেখ্য অবলম্বনে। মণিপুররাজের ভক্তিতে তুষ্ট হয়ে দেবতা শিব আশীর্বাদ করেছিলেন, রাজার বংশে কেবল পুত্রসন্তান জন্মাবে। কিন্তু তা সত্ত্বেও রাজকুলে জন্ম নিল কন্যা চিত্রাঙ্গদা। মণিপুররাজ চিত্রাঙ্গদাকে পুত্ররূপে লালন করলেন। রাজকন্যা চিত্রাঙ্গদা ধনুর্বিদ্যা ও যুদ্ধবিদ্যা আয়ত্ত করল। শিক্ষা নিল রাজদণ্ডনীতি।
অন্যদিকে বারো বছরের ব্রহ্মচর্য গ্রহণ করে মণিপুর রাজ্যে আসে হস্তিনাপুরের রাজপুত্র অর্জুন। দেখা হলো চিত্রাঙ্গদার সঙ্গে। প্রথম দেখাতেই অর্জুনের প্রতি দুর্বল হয়ে পড়ে চিত্রাঙ্গদা। কিন্তু চিত্রাঙ্গদার অনেক গুণ থাকা সত্ত্বেও সে কালো বলে তাকে ফিরিয়ে দেয় অর্জুন।
অর্জুনের অবহেলায় ভেঙে পড়ে ‘কুরূপা’ চিত্রাঙ্গদা। দেবতার কাছে প্রার্থনা করে, তাকে যেন সুন্দরী রূপবতী করে দেওয়া হয়। দেবতা সেই ডাকে সাড়া দেয়। ‘সুরূপা’ চিত্রাঙ্গদাকে দেখে অর্জুন মুগ্ধ হয়। কিন্তু রূপ থাকলেও চিত্রাঙ্গদার যুদ্ধবিদ্যা, ধনুর্বিদ্যা ও রাজদণ্ডনীতির গুণগুলো আর নেই। এবার কুরূপাকে ফিরে পেতে চায় অর্জুন। দেবতার কাছে আবার প্রার্থনা করে আগের রূপ ফিরে পায় চিত্রাঙ্গদা। অর্জুন তাকে গ্রহণ করে।
নৃত্যনাট্যে ‘কুরূপা’ চরিত্রে আনা আখতার, ‘সুরূপা’ চরিত্রে মালিহা তাবাসসুম, ‘অর্জুন’ চরিত্রে মাহাবুব হাসান অভিনয় করেন। এ ছাড়া ছিলেন আশিকুজ্জামান, শ্রেষ্ঠা, রাখি, অনুশা, মুমু, তাছনিয়া, শায়েরী, পূজা, নেহা, দ্রুতি, দীপান্বিতা, ঐশ্বর্য, অলংকার, সেঁজুতি, মেঘা, মাহিয়া, ঐশী, লগ্ন, স্রোত, অনন্য, সুরুজ, আরমান, নীরব, স্বপ্নিল, শামিল, রুবেল, অভি প্রমুখ।
আবদুস সামাদের নৃত্য নির্দেশনা ও আবদুল মোবিনের নাট্য নির্দেশনায় চিত্রাঙ্গদার সংগীত পরিচালনা করেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অমিতাভ মুখোপাধ্যায়। নৃত্যনাট্যে পোশাক পরিকল্পনায় ছিলেন আইরিন পারভীন ও রূপসজ্জায় ছিলেন কালাম।
নৃত্যনাট্যের শুরুতে রমনার বটমূলে বোমা হামলায় বেঁচে যাওয়া দেশবরেণ্য তবলাবাদক এনামুল হক ওমরকে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। এ সময় অতিথির মধ্যে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, কবি বজলুল করিম, শিক্ষাবিদ মৃণাল কান্তি সাহা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সাঈদ সিদ্দিকী বক্তব্য দেন।