বগুড়ায় আজ শেষ হচ্ছে পথনাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী পথনাট্যোত্সব। করতোয়া নাট্যগোষ্ঠীর আয়োজনে সন্ধ্যা সাতটায় শহরের সাতমাথার মুক্তমঞ্চে এই নাট্যোত্সবের উদ্বোধন করা হয়। আজ শেষ হবে এই উৎসব।
বগুড়ার এই পথনাট্যোৎসবের উদ্বোধন করেন স্থানীয় জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। এ সময় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, করতোয়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক এম ববি খান, নান্দনিক নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
করতোয়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক এম ববি খান প্রথম আলোকে বলেন, দুই দিনের এই পথনাট্যোত্সবে করতোয়া নাট্যগোষ্ঠীর সঙ্গে আরও অংশ নিচ্ছে জেলা শিল্পকলা একাডেমী, বগুড়া থিয়েটার, নান্দনিক নাট্যদল, সংশপ্তক থিয়েটার ও কলেজ থিয়েটার।
গতকাল উদ্বোধনী দিনে জেলা শিল্পকলা একাডেমীর নাট্যদল ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, নান্দনিক নাট্যদল আদাব এবং কলেজ থিয়েটার পাথর নাটক মঞ্চস্থ করে।
আজ উৎসবের শেষ দিনে মঞ্চায়ন হবে সংশপ্তক থিয়েটারের নাটক দে ছুট, বগুড়া থিয়েটারের গুপ্তবিদ্যা এবং করতোয়া নাট্যগোষ্ঠীর নাটক কদম মুন্সির ঠিকানা।