বগুড়ায় জমে উঠেছে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রোহ নাটকের দৃশ্য l ছবি: সোয়েল রানা
দ্রোহ নাটকের দৃশ্য l ছবি: সোয়েল রানা

বর্ষণমুখর দিন শেষে মেঘে ঢাকা সন্ধ্যা। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে মিলনায়তনভর্তি দর্শকের দৃষ্টি মঞ্চের দিকে। নেপথ্যের শব্দযন্ত্র থেকে ততক্ষণে নদীর কলকল ছন্দের আবহসংগীত ভেসে আসছে। মঞ্চে উঠেই সাবলীল অভিনয়-নৈপুণ্যতায় দর্শকদের মুগ্ধ করলেন আলাল ও আসিয়া। যমুনার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধে করে বেঁচে থাকা দুই নিরন্ন শ্রমজীবীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। নিপুণ অভিনয়শৈলী, মুনশিয়ানা শিল্পনির্দেশনা, ব্যতিক্রমী আলোক প্রক্ষেপণ, নন্দিত শব্দ ও সংগীতের মাধ্যমে দর্শক-হৃদয় স্পর্শ করেছে তৌফিক হাসানের নাটক দ্রোহ। শনিবার সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিনে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটির আলোক নির্দেশনায় ছিলেন ঠান্ডু রায়হান।
একই মঞ্চে গতকাল রোববার সন্ধ্যায় আসাদুজ্জামান নূরের ভাষান্তর এবং তৌফিক হাসানের নির্দেশনায় মঞ্চস্থ হয় সাড়া জাগানো নাটক দেওয়ান গাজির কিস্সা। আজ ১ জুন মঞ্চস্থ হবে এস এম সোলায়মান রচিত ও তৌফিক হাসান নির্দেশিত নাটক কোর্ট মার্শাল। উৎসবমঞ্চে ৩ জুন সেলিম আল দীনের কিত্তনখোলা, ৪ জুন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের রাত্রী এবং ১২ জুন সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন মঞ্চস্থ হবে।
৩৫ বছরের সাফল্যের পথচলা উপলক্ষে ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ স্লোগান নিয়ে বগুড়া থিয়েটার এই নাট্যোৎসবের আয়োজন করেছে। গত শুক্রবার শুরু হওয়া উৎসবটি ইতিমধ্যেই জমে উঠেছে।