বগুড়ায় সপ্তাহব্যাপী নাট্যোত্সব
আজ ২৯ মে বগুড়ার টিটু মিলনায়তনে শুরু হচ্ছে বগুড়া থিয়েটারের ৩৫ বছর পূর্তি উত্সব। ৩৫ বছর আগে শুদ্ধ নাট্যচর্চার আন্দোলন শুরু করেছিল বগুড়া থিয়েটার। ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ স্লোগান নিয়ে দেশে-বিদেশের মঞ্চে এখনো তাদের পথচলা অব্যাহত রয়েছে।
বর্ষপূর্তি উত্সবের উদ্বোধনী দিনে থাকছে আনন্দযাত্রা, কৃতী নাট্যজনদের সম্মাননা এবং সপ্তাহজুড়ে নাট্যোত্সবের উদ্বোধনী অনুষ্ঠান। আজ সন্ধ্যায় তৌফিক হাসানের রচনা ও সাইদুর রহমানের নির্দেশনায় কৈবত বিদ্রোহ নাটকটির মঞ্চায়ন দিয়ে শুরু হবে উৎসব। আগামীকাল তৌফিক হাসানের রচনা ও নির্দেশনায় দ্রোহ, ৩১ মে আসাদুজ্জামান নূরের রূপান্তরিত রচনায় এবং তৌফিক হাসানের নির্দেশনায় দেওয়ান গাজির কিসসা, ১ জুন এস এম সোলায়মান রচিত ও তৌফিক হাসান নির্দেশিত কোর্ট মার্শাল, ৩ জুন সেলিম আল দীনের রচনায় ও তৌফিক হাসানের নির্দেশনায় কিত্তনখোলা, ৪ জুন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও তৌফিক হাসানের নির্দেশনায় শেষের রাত্রী এবং ১২ জুন সৈয়দ শামসুল হকের নির্দেশনা ও ইমনের নির্দেশনায় নাটক নূরলদীনের সারাজীবন মঞ্চস্থ হবে। নাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায়।
বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান বলেন, ৩৫ বছর পূর্তি উপলক্ষে বগুড়ার নবীন-প্রবীণ নাট্য আন্দোলনকর্মীদের মিলনমেলা ঘটবে এই উৎসবে।