বরিশালে 'তৃতীয় আরেকজন'

ফাগুনের আগমন মাঝে মাঝে শীতের ছোঁয়ায় ফিকে হতে চায়। কিন্তু ফাগুনের উজ্জ্বলতা ও বর্ণিল আলোর কাছে হার মানতেই হয় শীতের। থেমে থাকে না সংস্কৃতি, নাটকপাড়াও। ফাগুনকে বরণ করার জন্যই বোধ হয় বরিশালের নাট্যসংগঠন নাট্যমের আয়োজন নাট্যমেলা। বৃহস্পতিবার উদ্বোধন করা হয় তিন দিনের এই নাট্যমেলা।
নাট্যমেলায় যোগ দিতে কলকাতা থেকে এসেছে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। মেলার দ্বিতীয় দিন শুক্রবার দলটি মাতিয়ে দেয় বরিশালের দর্শকদের। নাটকে চরিত্র তিনটি। একটি চরিত্রকে পেছনে রেখে মঞ্চে অভিনয় করেছেন দুজন। মাত্র দুটি চরিত্র হলেও একবারের জন্যও ফাঁকা লাগেনি মঞ্চ। মনে হয়েছে হাজার মানুষের মধ্যে দুজন আমাদের সমাজের চিরচেনা গল্প বলে যাচ্ছেন।
সমীর দাশগুপ্তর রচনা ও কিশোর সেনগুপ্তের নির্দেশনায় মঞ্চস্থ হওয়া নাটকটির নাম তৃতীয় আরেকজন। তুলি নামে তূর্ণা দাশ এবং সোমনাথ নামে হিমাদ্রী শেখর দে নাটকের প্রধান চরিত্র। তুলি নাচে, গানে আবৃত্তিতে তুখোড়। কিন্তু বিয়ের পর বাধ্য এবং বশ্যতা স্বীকার করা বিনয়ী বধূ হয়ে যায়। তার স্বাদ, ইচ্ছা সবকিছুই সংসারের চারদেয়ালে আটকে পড়ে। বিকশিত হওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। এখান থেকে শুরু হয় দ্বন্দ্ব। একাকিত্ব তুলিকে প্রতিবাদী হতে বাধ্য করে। শুরু হয় কথা বলার, ইচ্ছার স্বাধীনতার জন্য লড়াই। যে লড়াই চলে আমাদের সমাজের প্রতিটি ঘরে।
নাট্যমের তিন দিনের নাট্যমেলার দ্বিতীয় দিন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের অশ্বিনী কুমার হলে মঞ্চস্থ হয় নাটকটি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নাট্যমেলার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন সৈয়দ দুলাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
আজ সন্ধ্যা সাতটায় অশ্বিনী কুমার হলে পরিবেশিত হবে নাটক তিলক। নাট্যমেলার আয়োজক নাট্যমের পরিবেশনায় তিলক নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে সমাপ্ত হবে তিন দিনের নাট্যমেলা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন।