বর্তমান সময়ের প্রতিচ্ছবি 'জিহাদির মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চনাটক জিহাদির মার দৃশ্য
মঞ্চনাটক জিহাদির মার দৃশ্য

স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর একমাত্র সন্তান মুরাদকে মানুষ করাই ছিল মনোয়ারা বেগমের সবকিছু। কিন্তু একদিন খবর এল, অতি আদরে বড় করা মুরাদ নাকি সিরিয়ায় পাড়ি দিয়েছে ‘জিহাদ’ করতে। মনোয়ারা ছুটলেন ছেলের বন্ধুদের দ্বারে দ্বারে। ছেলেটির একটুখানি যদি খবর পাওয়া যায়। কিন্তু বাধা আসে পুলিশ থেকে। পুলিশের দাবি, জিহাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সমাজে আতঙ্ক ছড়াচ্ছেন মনোয়ারা। তাই এ নিয়ে কারও সঙ্গে কোনো কথা বলা যাবে না।
বর্তমান সময়ে দেশে দেশে অনেক তরুণের মধ্যে ক্যানসারের মতো ছড়িয়ে পড়া কথিত জিহাদের স্বরূপ চিত্রায়ণের মধ্য দিয়ে শুরু হয় মঞ্চনাটক জিহাদির মা। গত ২৭ নভেম্বর পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে নাটকটি পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠীর যুক্তরাজ্য শাখা। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠিত বাংলা নাট্যোৎসব ‘অা সিজন অব বাংলা ড্রামা’র শেষ আকর্ষণ ছিল এটি।
এই নাটক মন্ত্রমুগ্ধের মতো এক ঘণ্টা দর্শকদের বেঁধে রাখে। নাটক শেষে অনেকেই বলেন, এটি তাঁদের বিবেককে জাগিয়ে দিয়েছে।
জিহাদির মা নাটকটি লিখেছেন লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত–এর বার্তা সম্পাদক সাঈম চৌধুরী। পরিচালনা করেছেন বাবু চৌধুরী ও অসীম চক্রবর্তী। নাটকের কেন্দ্রীয় চরিত্র মনোয়ারা বেগমের ভূমিকায় অভিনয় করেন আমিনা আলী। এই নাটকের রচয়িতা, নির্মাতা ও অভিনয়শিল্পী সবাই উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য শাখার কর্মী।
গত ৩ নভেম্বর থেকে টাওয়ার হ্যামলেটসে শুরু হয় মাসব্যাপী বাংলা নাট্যোৎসব। ২৭ নভেম্বর জিহাদির মা প্রদর্শনের মধ্য দিয়ে ধর্মান্ধতা ও উগ্রবাদ বিষয়ে সচেতন হওয়ার বার্তা ছড়িয়ে পর্দা নামল মাসব্যাপী এই আয়োজনের।