বাকারের 'ঊর্ণাজাল' দেখলেন বাকের ভাই

বাতিঘরের ‘ঊর্ণাজাল’ নাটকটি দেখার জন্য সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কয়েকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। নানা ব্যস্ততার কারণে তখন তিনি আমন্ত্রণ রক্ষা করতে পারেননি। কিন্তু ১ মে সন্ধ্যায় হঠাৎ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এসে উপস্থিত আসাদুজ্জামান নূর। ততক্ষণে এখানে বাতিঘরের ‘ঊর্ণাজাল’ নাটকের প্রদর্শনী শুরু হয়ে গেছে। ‘ঊর্ণাজাল’ নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। সেদিন ছিল নাটকটির নবম প্রদর্শনী।
‘ঊর্ণাজাল’ নাটকের প্রদর্শনী শেষ হওয়ার পর আসাদুজ্জামান নূর কথা বলেন বাকার বকুল ও বাতিঘরের সদস্যদের সঙ্গে।

‘ঊর্ণাজাল’ নাটকের সব কটি প্রদর্শনী হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আসাদুজ্জামান নূর নাটকটির প্রশংসা করে বলেন, নাটকটি শুধু বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আটকে রাখলে হবে না, দেশের বিভিন্ন জেলার দর্শকদের কাছে নিয়ে যেতে হবে। নাটকটির বক্তব্য দেশের সবার সামনে তুলে ধরতে হবে। তাহলেই এ ধরনের নাটক মঞ্চে আনা সার্থক হবে।
বাংলাদেশ টেলিভিশনের দারুণ জনপ্রিয় হয়েছিল হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’। এই নাটকে ‘বাকের ভাই’ চরিত্রে আসাদুজ্জামান নূরের অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকেরা এখনো মনে রেখেছেন ‘বাকের ভাই’কে।
বাকারের নাটক দেখলেন বাকের ভাই—এমন প্রসঙ্গ তুলতেই খুশি হলেন বাকার বকুল। তিনি বললেন, ‘আসাদুজ্জামান নূর সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব। তিনি আমাদের নাটক দেখতে এসেছেন, এটা আমাদের মতো তরুণদের জন্য অনেক বড় ব্যাপার। আজকের ছেলেমেয়েরা কেমন কাজ করছেন, তা তিনি কাছ থেকে দেখেছেন। এ ব্যাপারে তাঁর আগ্রহ আমাদের মুগ্ধ করেছে।’