বাবাকে ছাড়া ৭৩০ দিন

আজ দেশের বিশিষ্ট মঞ্চ ও টিভি নাটকের অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ খানের মৃত্যুদিবস। ২০১৩ সালের এই দিনে তিনি চলে গেছেন না ফেরার দেশে। খালেদ খানের মেয়ে সংগীতশিল্পী জয়িতা আজ তাঁর বাবাকে স্মরণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে জয়িতা লিখেছেন, ‘২০১৩ সালের ১৯ ডিসেম্বর রাতের কথা ভাবছিলাম। আমি আর শিমুল খালা (শিমুল ইউসুফ) দুজন বারডেম হাসপাতালের আইসিইউর এক নম্বর বিছানার সামনে দাঁড়িয়ে কতবার, কতভাবে বাবাকে ডেকেছিলাম! কত অনুরোধ, কত অনুনয়, কতটা জোর করে মানুষটাকে ফেরানোর চেষ্টা! বাবার চোখ দিয়ে হঠাৎ এক ফোঁটা জল গড়িয়ে পড়ল! তাই দেখে আমাদের দৃঢ় বিশ্বাস জাগল! বাবা বোধ হয় টের পাচ্ছে!’
জয়িতা লিখেছেন, ‘যদিও আমরা জানতাম বাবার মস্তিষ্ক আর কাজ করছিল না! ওই এক বিন্দু চোখের জল আমাদের কী যে বিশ্বাস এনে দিল! তার পর এই সারা রাত, সারা সকাল মেডিকেল বোর্ড বসার আগ পর্যন্ত আশা করে যাচ্ছিলাম! তারপর ২০ তারিখ রাত ৮টা ১৮ মিনিটে বাবা চলে গেল। সত্যি আর ফিরল না। বাবা ভালো আছে। আমি জানি। কিন্তু বাবা, এখানে তোমার মতন এমন টানে কেউ তো টানে না...।'
খালেদ খানের মৃত্যুদিবস প্রসঙ্গে তাঁর মেয়ে জয়িতা জানিয়েছেন, আজ পারিবারিকভাবে তাঁকে স্মরণ করা হচ্ছে। গত বছর ৯ ফেব্রুয়ারি খালেদ খানের জন্মদিনে একটি কমিটি গঠন করা হয়েছিল। ‘খালেদ খান সংঘ’ নামের এই সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

আজ রোববার সন্ধ্যায় খালেদ খানের স্ত্রী বিশিষ্ট সংগীতশিল্পী মিতা হকের ধানমন্ডির বাসায় এই কমিটির প্রথম সভা আহ্বান করা হয়েছে। এখানে খালেদ খানের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত; খালেদ খান ১৯৫৭ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের মেধাবী ছাত্র ছিলেন তিনি। ধানমন্ডির সাতমসজিদ রোডে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউএলএবি) তিনি রেজিস্ট্রার হিসেবে চাকরি করছেন। ১৯৭৫ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চনাটকে তাঁর যাত্রা শুরু হয়। মঞ্চে তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে: দেওয়ান গাজীর কিসসা, অচলায়তন, নূরলদীনের সারা জীবন, ঈর্ষা, দর্পণ, গ্যালিলিও ও রক্তকরবী। ঈর্ষা নাটকে অভিনয়ের জন্য কলকাতায়ও তিনি জনপ্রিয়তা লাভ করেন।
খালেদ খান নির্দেশিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, ‘রবীন্দ্রনাথের মুক্তধারা’, ‘পুতুল খেলা’, ‘কালসন্ধ্যা’, ‘স্বপ্নবাজ রূপবতী’, ‘মাস্টার বিল্ডার’, ‘ক্ষুধিত পাষাণ’।
১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনের এক টিভি নাটকের মাধ্যমে অভিষেক হয়েছিল তাঁর। খালেদ খান অভিনীত প্রথম টিভি নাটকটি ছিলো ‘সিঁড়িঘর’। এরপর অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন তিনি। একাধিক নাটকে তাঁর বেশ কিছু সংলাপ জনপ্রিয়তা পায়। বিশেষ করে নব্বই দশকে ‘রূপনগর’ নাটকে তাঁর ‘ছি ছি, তুমি এত খারাপ’ শীর্ষক সংলাপটি মানুষের মুখে মুখে ফিরত। খালেদ খান অভিনীত জনপ্রিয় টিভি নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এইসব দিনরাত্রি’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘রূপনগর’, ‘মফস্বল সংবাদ’, ‘লোহার চুড়ি’, ‘সকাল সন্ধ্যা’।