বাসার ভাড়া মেটাতে অভিনয় শেখানোর স্কুল, পেরোল ২০ বছর

কবি নজরুল ইনস্টিটিউটে প্রাচ্যনাটের ২০ বছর পূর্তির আয়োজনে ছিল নানা আয়োজন। ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের মহড়া করতে হবে। তাই তিন কক্ষের একটা বাসা ভাড়া নিয়ে ফেলল প্রাচ্যনাট। শুরু হলো নতুন সংকট! নাট্যদলের সদস্যদের চাঁদায় তো আর বাসার ভাড়া ওঠে না। উপায় বের করল দলটি, খুলে ফেলল একটা অভিনয় শেখানোর স্কুল। সেখান থেকে বের হবে তরুণ থিয়েটারকর্মী, যাঁরা ভবিষ্যতে প্রাচ্যনাটসহ দেশের থিয়েটারে কর্মীশূন্যতা পূরণ করবেন। অন্যদিকে তাঁদের শেখাপড়ার বিনিময়ে পাওয়া টাকায় মেটানো হবে প্রাচ্যনাটের মহড়াঘরের ভাড়া। এভাবেই শুরু হয় প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। গত বছরের ৭ জুলাই ২০ বছর পার করে স্কুলটি পা রেখেছে ২১–এ।
২০ বছরে বহু নাট্যকর্মী তৈরি করেছে প্রাচ্যনাট স্কুল। এখান থেকে পাস করা বহু শিক্ষার্থী এখন করছেন থিয়েটার ও টেলিভিশনে অভিনয় আর মডেলিং। অনেকেই বানাচ্ছেন চলচ্চিত্র ও টিভি নাটক। তাঁদের মধ্যে অনেকে পেয়েছেন তারকাখ্যাতি, অনেকে অভিনয়শিল্পী হিসেবে কুড়িয়েছেন সুনাম। ধরা যাক, আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদীর’-এর অন্যতম আলোচিত অভিনেতা সোহেল মণ্ডলের কথা। অন্য এক স্কুলে অভিনয়ের একটা কোর্স শেষ করে প্রাচ্যনাটের ১৬তম ব্যাচে ভর্তি হয়েছিলেন তিনি। আজ তিনি দলটির নিয়মিত সদস্য। স্কুলটি থেকে প্রাপ্তির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাচ্যনাট আমার ক্যারিয়ার গড়ে দিয়েছে। আজ আমি অভিনেতা হওয়ার যে পথ ধরে হাঁটছি, সেটা আমার এই স্কুলের কারণেই।’

সোহেলের মতো এ রকম বহু তরুণ রয়েছেন, যাঁরা পড়েছেন প্রাচ্যনাট স্কুলে। তাঁদের মধ্যে দীপা খন্দকার, মনোজ প্রামানিক, সানজিদা প্রীতি, অ্যালেন শুভ্র, মোস্তফা মন্ওয়ার, মৌসুমি মৌ, সাদিকা স্বর্ণা নামগুলো অনেকেরই চেনা।

২০ বছরে বহু নাট্যকর্মী তৈরি করেছে প্রাচ্যনাট স্কুল

বছরে দুটো ব্যাচ নেয় প্রাচ্যনাট, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। প্রতি ব্যাচে সুযোগ পান ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করা ৪০ জন শিক্ষার্থী। ছয় মাসের কোর্স শেষে প্রতিটি ব্যাচকে একটি নতুন নাটক মঞ্চস্থ করতে হয়। সেদিন আমন্ত্রণ জানানো হয় অভিভাবকদের। কী শিখলেন তাঁরা, সেটার পরীক্ষা দিতে হয় সেই মঞ্চে। নিজেদের শেখা ও পারদর্শিতার পরীক্ষা দিতে গিয়ে অনেক সময়ই শিক্ষক ও চৌকষ নাট্যকর্মীদের চমকে দেন শিক্ষার্থীরা। প্রাচ্যনাটের অন্যতম সদস্য সাইফুল জার্নাল বলেন, ‘আমাদের অনেক পড়াশোনা করে তাঁদের সামনে হাজির হতে হয়। কারণ, এখনকার ছেলেমেয়েরা অনেক উৎসুক। তাঁদের নানা রকম প্রশ্ন অনেক সময় আমাদের আটকে দেয়। তা ছাড়া আমাদেরও প্রস্তুতি থাকে, নিজেদের সেরাটুকু দিয়ে যেন তাঁদের প্রশিক্ষিত করতে পারি।’

এখান থেকে পাস করা বহু শিক্ষার্থী এখন করছেন থিয়েটার ও টেলিভিশনে অভিনয় আর মডেলিং

প্রাচ্যনাট দলের নিজস্ব প্রযোজনা ৩৪টি। এসবের মধ্যে স্কুলশিক্ষার্থীদের কাছ থেকে মূল দলে যোগ হয়েছে বেশ কয়েকটি নাটক। সেসবের মধ্যে রয়েছে ‘গন্ডার’, ‘কিনু কাহারের থেটার’, ‘বনমানুষ’, ‘খোয়াবনামা’র মতো নাটক। দলটি জানায় এ প্রযোজনাগুলো এত ভালো হয়েছিল যে মূল দল এগুলো লুফে নেয় এবং নিয়মিত প্রদর্শনী শুরু করে।
এই মুহূর্তে প্রাচ্যনাট স্কুলে চলছে ৪২তম ব্যাচের ক্লাস। মহামারির শুরুতে কিছুদিনের জন্য একটু থমকে গিয়েছিল স্কুলটি, কিন্তু থেমে যায়নি। প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম বলেন, ‘আমরা ভীষণ সৌভাগ্যবান। কারণ, আমাদের স্কুলে শিক্ষার্থী আসা বন্ধ হয়নি। মানুষের বিপুল আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। করোনার কারণে একটু সেশন জ্যামে পড়তে হয়েছিল বটে, কিন্তু শিগগিরই আমরা সেটা কাটিয়ে উঠব।’ তিনি জানান, পাঠ্যক্রমে প্রায়ই নতুন কিছু যুক্ত করেন তাঁরা। যেমন করোনায় মানুষের ভেতর যে বিষণ্ণতা দেখা দিয়েছে, এ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে কোর্সে যুক্ত হয়েছে সাইকোলজির ক্লাস, নিচ্ছেন একজন পেশাদার সাইকিয়াট্রিস্ট।

কবি নজরুল ইনস্টিটিউটে প্রাচ্যনাটের ২০ বছর পূর্তির আয়োজনে ছিল নানা আয়োজন। ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার কবি নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো প্রাচ্যনাটের ২০ বছর পূর্তির আয়োজন। এ উপলক্ষে স্কুলটি সম্মাননা জানায় তাদের সব শিক্ষক ও সমন্বয়ককে। ছিল আরও নানান আয়োজন, শিক্ষার্থীদের প্রযোজনায় একগুচ্ছ নাটকের গান এ নাচ পরিবেশিত হয় এ অনুষ্ঠানে।
স্কুল নিয়ে বড় স্বপ্ন এর উদ্যোক্তাদের। প্রাচ্যনাট স্কুলের অন্যতম পরিচালক অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘আমাদের স্বপ্ন এ স্কুলকে একটি জাতীয় পর্যায়ের ইনস্টিটিউটে রূপ দেওয়া। এ দীর্ঘ সময়ে সরকারি যৎসামান্য অনুদান পেয়েছি, যা খুবই অপ্রতুল। আমাদের আরও পৃষ্ঠপোষকতা দরকার।’

কবি নজরুল ইনস্টিটিউটে প্রাচ্যনাটের ২০ বছর পূর্তির আয়োজনে ছিল নানা আয়োজন। ছবি: সংগৃহীত