বিনীত অনুরোধ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনেডিক্ট কাম্বারব্যাচ
বেনেডিক্ট কাম্বারব্যাচ

টিভি নাটক শার্লক বলুন কিংবা সিনেমা দ্য ইমিটেশন গেম—দুই পর্দাতেই এই অভিনেতা দেখিয়েছেন নিজের মেধার তেজ। মঞ্চেও তাঁর দৌরাত্ম্য কম নয়। বেনেডিক্ট কাম্বারব্যাচের মঞ্চের জাদু দেখতে সবাই হয়ে থাকেন উদ্গ্রীব। তাই তো তাঁর নতুন মঞ্চনাটক হ্যামলেট-এর প্রায় এক লাখ টিকিট বিক্রি হয়ে গেছে বেশ আগেই। এখন বাদবাকি যে কটা ‘বিশেষ’ টিকিট রয়েছে, তার জন্যও দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন লন্ডনের বারবিকান থিয়েটারে।
কিন্তু একি! এরপরও কাম্বারব্যাচের যে মন খারাপ। কারণ, থিয়েটারে ঢুকে লোকজন ইদানীং মুঠোফোনে ভিডিও করে নেন মঞ্চ পরিবেশনা। অথচ কাম্বারব্যাচ চান দর্শকদের থিয়েটারের আসল আমেজ বোঝাতে, দেখাতে চান নিজের ‘জীবন্ত’ প্রতিভা। তিনি বলেছেন, ‘এটা বিরক্তিকর। মঞ্চে অভিনয় করার সময় এমন অভিজ্ঞতা একদমই আনন্দদায়ক নয়।’ তাই ক্ষুব্ধ ‘শার্লক’ তারকা দর্শকদের কাছে জোর অনুরোধ করলেন, যেন তাঁরা মুঠোফোন বা ক্যামেরা দিয়ে থিয়েটারের ভেতরে কোনো রকম ভিডিও ধারণ না করেন। আর নয় তো অন্য ব্যবস্থাও নেওয়া হবে। কেমন ব্যবস্থা? ‘শার্লক’ কাম্বারব্যাচ জানালেন, হ্যামলেট-এর প্রদর্শনীতে এমন এক যন্ত্র ব্যবহার করা হবে, যা মুঠোফোন বা ক্যামেরার মতো ডিভাইসগুলো খুঁজে বের করবে। বিবিসি।