বিরতির পর মঞ্চে অপর্ণা

প্রায় দুই বছর বিরতি দিয়ে মঞ্চ নাটকে ফিরছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। চট্টগ্রামে অনুষ্ঠেয় একটি নাট্যোত্সবের মধ্য দিয়ে আবারও মঞ্চে দেখা যাবে তাঁকে। অপর্ণা তাঁর চট্টগ্রামের নাটকের দল নান্দিকারের নাটক দিয়েই ফিরছেন মঞ্চে।
২৪ ডিসেম্বর থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে নান্দিকারের উদ্যোগে একটি নাট্যোত্সব হতে যাচ্ছে। এটি চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। উত্সবে ছয়টি নাটকের মঞ্চায়ন হবে। অপর্ণা জানালেন, এ উৎসবের দুটি নাটকে অভিনয় করবেন তিনি—একটি গোড়ায় গলদ, অন্যটি কোর্ট মার্শাল। অপর্ণা বলেন, ‘হাতের কাজগুলো শেষ করে ২০ ডিসেম্বর চট্টগ্রামে যাব। ওই দিন সন্ধ্যা থেকেই অংশ নেব মহড়ায়।’
মঞ্চ নাটক থেকে এত দিন দূরে কেন ছিলেন? এমন প্রশ্নের জবাবে অপর্ণা বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর থেকেই টিভি নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। চট্টগ্রামে যাওয়া-আসা কম হতে থাকে। ফলে থিয়েটারের কাজে সময় দেওয়া সম্ভব হয়নি এত দিন।’
নবম শ্রেণিতে পড়ার সময় মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত অপর্ণা ঘোষ। তাই মঞ্চের প্রতি নাকি তাঁর টান অন্য রকম। অপর্ণার ভাষায়, ‘একজন অভিনয়শিল্পীর কাছে থিয়েটারের জায়গাটা অন্য রকমের। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, মাঝেমধ্যে মঞ্চে কাজ করতে চাই। মঞ্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই না কখনই।’