বুধবার ঢাকায় 'মহুয়া' নৃত্য

নায়ক দিলীপ কুমার যেবার ঢাকায় এসেছিলেন, উপভোগ করেছিলেন ‘মহুয়া’ নৃত্যনাট্যটি। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে সেই নাটক দেখে নাকি চোখ ভিজে উঠেছিল তাঁর। অনুভূতি জানাতে গিয়ে বলেছিলেন, ট্র্যাজিক হিরো বলে আমার পরিচিতি। আমারও মন খারাপ করে দিল মহুয়া। রাতের খাবারের টেবিলে চুপচাপ খাচ্ছিলেন দেখে একজন জানতে চেয়েছিলেন, ‘খেতে সমস্যা হচ্ছে?’ তিনি বলেছিলেন, ‘মহুয়ার ঘোর কাটেনি এখনো।’ বুধবার ঢাকার মঞ্চে সেই ‘মহুয়া’ নিয়ে আবারও উঠছেন বাংলা নৃত্যাঙ্গনের দুই প্রিয় শিল্পী শিবলী ও নীপা।
গত শুক্রবার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। উৎসবে নাটকের পাশাপাশি থাকছে নৃত্যনাট্যও। আসছে বুধবার সন্ধ্যা সাতটায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে নাচের দল নৃত্যাঞ্চলের নৃত্যনাট্য ‘মহুয়া’। শামীম আরা নীপার পরিচালনায় শিবলী ও নীপা ছাড়াও এতে নাচ করবেন নৃত্যাঞ্চলের আরও ৩০ জন নৃত্যশিল্পী। এই মঞ্চায়নে নাটকের অংশগুলোয় কিঞ্চিৎ পরিবর্তন থাকবে। শিবলী মহম্মদ বলেন, ‘নাট্যোৎসবে মঞ্চায়ন হচ্ছে বলে নাটকের জায়গাগুলো আরও একটু বাস্তব করে তোলার চেষ্টা করেছি। পোশাকগুলোয়ও আনা হয়েছে আধুনিকতা।’
‘মহুয়া’ নৃত্যনাট্যের সংগীত পরিচালনা করেছেন তপন দে। মূল চরিত্রগুলোর কণ্ঠে শোনা যাবে শিল্পী ফেরদৌস আরা, সাদি মহম্মদ ও কিরণচন্দ্র রায়ের গান। দুই বছর আগে একই উৎসবে ছিল নৃত্যাঞ্চলের নৃত্যনাট্য ‘রাইকৃষ্ণ পদাবলী’। এবার গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে নাটক ও নৃত্যনাট্য ছাড়াও থাকছে থাকছে প্রায় ৮৫টি দলের আবৃত্তি, নাচ ও পথনাটক।