বেইলি রোড থেকে নভেরা আজ আসছেন শিল্পকলায়

দেশের প্রথম নারী ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে নতুন নাটক ‘নভেরা’র উদ্বোধনী মঞ্চায়ন হয় বেইলি রোডের মহিলা সমিতিতে। সর্বশেষ প্রদর্শনীও সেখানে হয়। তাঁর জীবনের ওপর নির্মিত এ নাটকে অভিনয় করেছেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মী সামিউন জাহান। আজ নাটকটির প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে। আজ এটির ৬ষ্ঠ প্রদর্শনী।
হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘নভেরা’ ও বেঙ্গল প্রকাশনীর ‘নভেরা আহমেদ’ বইটিসহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, নিবন্ধ, তাঁর পরিচিতজনদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ‘নভেরা’ নাটকটি রচনা করেছেন অভিনেত্রী নিজেই। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব।
নাটকের প্রেক্ষাপট ১৯৪৫ সাল থেকে নভেরার মৃত্যুর আগ পর্যন্ত। নাটকের শুরুতে থাকবে একটি কবিতা। বিশ্বভ্রমণের অভিজ্ঞতা ও মুক্ত সংস্কৃতি চর্চার আবহ ফোটানোর ধারণায় নাটকে সংগীত পরিচালনা করেছেন কেয়া চৌধুরী। আলোক পরিকল্পক ওয়াসিম আহমেদ।
গত বছরের ৫ মে ৭৬ বছর বয়সে প্যারিসে নিজ বাসায় মারা যান বাংলাদেশের প্রথম নারী ভাস্কর ও শহীদ মিনারের অন্যতম রূপকার নভেরা আহমেদ। প্রায় ৪২ বছর অন্তরালে থাকার পর ১৯৯৬ সালে এ শিল্পীর খোঁজ মেলে।