ব্যাঙ্গালোরে ঢাকার নৃত্যশিল্পীরা

নাচ করতে ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছেছেন ঢাকার তিন নৃত্যশিল্পী। সেখানকার স্বনামধন্য নৃত্যশিল্পী কীর্তি রামগোপালের নির্দেশনায় কাল সন্ধ্যায় ব্যাঙ্গালোরের সেবাসদন মিলনায়তনে ভরতনাট্যম পরিবেশন করবেন তাঁরা।
প্রতি মাসে নিয়মিত নাচের আসরের আয়োজন করে শান্তালা আর্ট ট্রাস্ট। তারই অংশ হিসেবে এবারের ‘শান্তালা নৃত্য বৈভবী’-এর আঠাশতম আসরে নাচ করতে যাচ্ছেন ঢাকার নৃত্যসংগঠন কল্পতরুর তিন শিল্পী। তাঁরা হচ্ছেন কল্পতরুর নৃত্যগুরু অমিত চৌধুরী, তাঁর দুই শিক্ষার্থী শাম্মী আক্তার ও জুয়েইরিয়াহ মৌলী। কল্পতরুর অধ্যক্ষ লুবনা মারিয়াম ব্যাঙ্গালোর থেকে প্রথম আলোকে জানান, স্বনামধন্য এ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে বেশ প্রস্তুতি নিতে হয়েছে এই শিল্পীদের। সেখানে প্রায় এক ঘণ্টা নৃত্য পরিবেশন করবেন তাঁরা।
ঢাকার নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান সাধনার সহোদরা সংগঠন কল্পতরু। সারা বছর নৃত্যচর্চা, বাংলাদেশ ও দেশের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সঙ্গে যুক্ত থাকেন প্রতিষ্ঠানটির শিল্পীরা। এরই ধারাবাহিকতায় ব্যাঙ্গালোর থেকে নাচের আমন্ত্রণ পেলেন তাঁরা। ব্যাঙ্গালোরে ‘শান্তালা নৃত্য বৈভবী’ এর সমন্বয় করছেন ভারতের নৃত্যগুরু পুলকেশি কস্তুরি।