বড়দিনে শিল্পকলায় দীর্ঘ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নদ্দিউ নতিম’ নাটকের একটি দৃশ্য।
‘নদ্দিউ নতিম’ নাটকের একটি দৃশ্য।

বর্তমানে দুই ঘণ্টার নাট্য প্রদর্শনী হয় না বললেই চলে। এখন প্রায় সব নাট্যদলের নাটকের গড় ব্যাপ্তি দেড় ঘণ্টা। সেখানে ম্যাড থেটারের নাটক ‘নদ্দিউ নতিম’ ব্যতিক্রম বৈকি। নাটকটির দৈর্ঘ্য দুই ঘণ্টা। ২৫ ডিসেম্বর বড়দিনে শিল্পকলার স্টুডিও থিয়েটার মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাড থেটারের প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’। নাটকটির নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম।
আসাদুল ইসলাম জানিয়েছেন, থিয়েটার চর্চায় নতুন সংযোজন ‘ম্যাড থেটার’। তাঁদের এই নাটকের দলটির যাত্রা শুরু কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ দিয়ে। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ। সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসংগীত আর্য মেঘদূত।
‘নদ্দিউ নতিম’ নাটকটির কাহিনি মতিন নামে একজন কবিকে কেন্দ্র করে। যে মনে মনে নিজেকে কল্পনা করে নেয়, সে একজন উজবেক কবি। মতিনের মধ্যে বাস করে অন্য এক মতিন। দিনে দিনে মতিন উদ্দিন হয়ে ওঠে নদ্দিউ নতিম। মতিনের হৃদয়ের সবটুকু দখল করে থাকে সহপাঠিনী নিশু। ভাবের ভেলায় ভেসে বেড়ালেও ভাবাবেগে মতিন ডুবে যায় না, বুঝতে পারে নিশুর মতো স্কলার মেয়ের যোগ্য সে নয়। একদিন মতিনের চোখে পড়ে পত্রিকার পাতায় তিন লাইনের ছোট্ট একটা বিজ্ঞাপন— ‘একজন সার্বক্ষণিক টিউটর প্রয়োজন, টিউটরের সৃজনশীলতা ব্যক্তিগত যোগ্যতা হিসেবে ধরা হবে, বেতন আকর্ষণীয়।’ বেতনের আকর্ষণীয় ক্ষমতায় মতিন তাঁর কবিসত্তাকে সাময়িকভাবে স্তিমিত রেখে কমল নামের একজন মানসিক প্রতিবন্ধী বাচ্চার শিক্ষক হিসেবে কাজ শুরু করে। মতিনের কর্মকাণ্ডে অসন্তুষ্টি সৃষ্টি হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। কিন্তু প্রতিবন্ধী বাচ্চাটি কবিকে ভুলতে পারে না। বাচ্চাটিও কবির সঙ্গে কথা বলতে চায়। কিন্তু সে সুযোগ তো আর নেই। কবি চলে গেছে। বাচ্চাটি জিদ ধরে— সে কথা বলবেই বলবে। একপর্যায়ে সুযোগ হয় কবির সঙ্গে কথা বলার। কমল মতিনকে তার জীবনের একটি গোপনীয় বিষয় জানায়, যার জন্য মতিনকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়াতে হয়। হাসপাতালের এক হিমশীতল ঘরে শুয়ে তাঁর মনে হয়, যেন অনন্তকাল সে এভাবেই শুয়ে ছিল।
কী সেই গোপন বিষয় যার জন্য কবিকে জীবন দিতে হলো? এই প্রশ্নের জবাব খুঁজতে হলে দেখতে হবে নাটকটি।