ভরতনাট্যমে মুগ্ধ করলেন ঢাকার শিল্পীরা

ব্যাঙ্গালোরে ভরতনাট্যম পরিবেশন করলেন ঢাকার তিন নৃত্যশিল্পী। শান্তালা নৃত্য বৈভবী নৃত্যাবলীর নিয়মিত আয়োজনে নৃত্যশিল্পী কীর্তি রামগোপালের নির্দেশনায় প্রায় ঘণ্টাব্যাপী নাচ পরিবেশন করে সেখানকার শাস্ত্রীয় নৃত্যরসিকদের দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই শিল্পীরা।

গত শনিবার সন্ধ্যায় ব্যাঙ্গালোরের সেবাসদন মিলনায়তনে ভরতনাট্যম পরিবেশন করেন ঢাকার তিন নৃত্যশিল্পী অমিত চৌধুরী, শাম্মী আক্তার ও জুয়েইরিয়াহ মৌলী ও ভারতের নম্রতা কৃষ্ণমূর্তি। মিলনায়তনভর্তি দর্শকের সামনে ঢাকার শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ নৃত্যশিল্পী কীর্তি রামগোপাল বলেছেন, ‘নাচ যে সহজেই ভাষা ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে তা এই শিল্পীদের নান্দনিক পরিবেশনায় আবারও প্রমাণিত হলো। প্রারম্ভিক ঐতিহ্যগত পুষ্পাঞ্জলি থেকেই তিন শিল্পীর একক, দ্বৈত ও ত্রয়ী নৃত্য বিন্যাসের ভঙ্গি ও অভিনয় নৃত্যরসিকদের দারুণ আনন্দ দিয়েছে।’ শিল্পীদের পরিচ্ছন্ন দেহ আঙ্গিক ও আন্তরিক আরামান্ডি (ভরতনাট্যমের মৌলিক ভঙ্গিমা), দক্ষিণ ভারতীয় না হয়েও গীতিকাব্যের সুস্পষ্ট বোধের দারুণ প্রশংসা করেছেন এই নৃত্যগুরু।
শাম্মী ও মৌলী জগদ্ধাত্রী অম্বার লাবণ্যময় ও সম্ভ্রমশালী রূপায়ণ দিয়ে দর্শকদের আনন্দ দিতে পেরেছেন। অমিত চৌধুরীও তাঁর নটরাজ শিবের প্রতিকৃতি তুলে ধরে দর্শকদের প্রভাবিত করতে পেরেছেন। মনে হয়েছে, বিষ্ণুর প্রকৃত আন্তরিক ভক্ত এই শিল্পী। অমিতের ‘গজেন্দ্র মুক্তি’ ও ‘বামনাবতার’-এর আখ্যান উপস্থাপনাও ছিল আবেগময়। মোট কথা শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকার তিন শিল্পীর সক্রিয়তা ছিল প্রশংসনীয়। এ আয়োজনে এই তিন শিল্পীকে উপস্থাপন করতে পেরে দারুণ আনন্দিত অনুষ্ঠান সমন্বয়ক পুলেকেশি কস্তুরি। হলভর্তি উপস্থিত দর্শকদের প্রশংসায় তিনি বিগলিত। নৃত্যপরিচালক কীর্তি রামগোপাল মনে করেন যথার্থ উৎসাহ ও পোষণে এই নবীন শিল্পীরা ক্রমে আরও উন্নত হতে পারবে।
উল্লেখ্য প্রতি মাসে নিয়মিত নাচের আসরের আয়োজন করে শান্তালা আর্ট ট্রাস্ট। তারই অংশ হিসেবে এবারের ‘শান্তালা নৃত্য বৈভবী’-এর আঠাশতম আসরে ভারতের শিল্পী নম্রতা কৃষ্ণমূর্তিসহ নাচ করলেন ঢাকার তিন নৃত্যশিল্পী। তিন জনই ঢাকার কল্পতরুর শিক্ষক ও শিক্ষার্থী।