ভাষার মাসে তির্যকের নাট্যায়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসর্জন নাটকের দৃশ্য
বিসর্জন নাটকের দৃশ্য

এ বছর চট্টগ্রামের নাট্যদল তির্যক উদ্যাপন করছে প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি। এরই অংশ হিসেবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দলটি তিন দিনের তির্যক নাট্যমেলার আয়োজন করেছে। আজ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ উৎসব চলবে।
‘নাট্যভাষা বাংলা আমার’ শিরোনামে তির্যকের এই নাট্যায়োজনে থাকছে দলটির তিনটি প্রযোজনা ও আরও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। আজ বিকেল পাঁচটায় এই নাট্যায়োজনের উদ্বোধন করবেন ড. অনুপম সেন। একুশের কথামালায় উপস্থিত থাকবেন কবি অরুণ দাশগুপ্ত। তির্যকের ৪০ বছরের স্মারক প্রদর্শনী প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত টিআইসি গ্যালারিতে প্রদর্শিত হবে।
২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় টিআইসির লেকচার থিয়েটারে ‘অভিনেতার অঙ্গীকার ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন অভিনয়শিল্পী নায়লা আজাদ নূপুর। বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে থাকবে আবৃত্তি পরিবেশনা, প্রীতি বিতর্ক ও নাট্যজনদের শুভেচ্ছা-সম্মাননা জ্ঞাপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে একুশের কথামালায় বলবেন অধ্যাপিকা রীতা দত্ত। এরপর থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মিলনায়তনে আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় তির্যকের মঞ্চনাটক পরিবেশিত হবে। প্রথম দিন থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, ২০ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন ও ২১ ফেব্রুয়ারি মাইকেল মধুসূদন দত্তের বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।