
নবনির্মিত মহিলা সমিতি মঞ্চে নাটকের প্রদর্শনী তেমন নেই। গত ফেব্রুয়ারি মাসে নাট্যোৎসব দিয়ে নিয়মিত প্রদর্শনী শুরু হলেও উৎসব ছাড়া সাত মাসে প্রদর্শনী হয়েছে মাত্র ১৪টি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অভিযোগ, ভাড়া বেশি হওয়ার কারণে প্রদর্শনী করছে না নাটকের দলগুলো।
ঐতিহাসিকভাবে বাংলাদেশে মঞ্চনাটকের চর্চায় মহিলা সমিতি মঞ্চের বড় অবদান আছে। ২০১১ সালে মঞ্চটি আধুনিকায়নের জন্য ভেঙে ফেলা হয়। নতুন ভবনে বানানো হয়েছে আধুনিক থিয়েটার মঞ্চ।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে মহিলা সমিতির নবনির্মিত মঞ্চে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ভাঙ্গা-গড়া নাট্যোৎসব দিয়ে নিয়মিত প্রদর্শনী শুরু হয়। উৎসবের স্লোগান ছিল ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’। চলে ৩১ মার্চ পর্যন্ত। এরপর ২৪ সেপ্টেম্বর শুরু হয় জাতীয় নাট্যোৎসব, চলে ১১ অক্টোবর পর্যন্ত। এই দুটি উৎসব ছাড়া মহিলা সমিতি মঞ্চে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসে প্রদর্শনী হয়েছে মাত্র ১৪টি। মহিলা সমিতি সূত্র জানিয়েছে, এপ্রিল মাসে উৎসবের দুটি ছাড়া আর কোনো প্রদর্শনী হয়নি। মে মাসে তিনটি নাটকের প্রদর্শনী হয়। জুন মাসে কোনো প্রদর্শনী হয়নি। জুলাইয়ে দুটি, আগস্টে একটি ও সেপ্টেম্বরে দুটি নাটকের প্রদর্শনী হয়। এরপর শুরু হয় জাতীয় নাট্যোৎসব। উৎসবের পরে গতকাল মঙ্গলবার পর্যন্ত আরও ছয়টি নাটকের প্রদর্শনী হয়েছে।
প্রদর্শনী কেন কম হচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা বলেন, ‘এখানে প্রদর্শনী হওয়ার কথাই না। শিল্পকলায় মিলনায়তন পাচ্ছি না, তাই এখানে প্রদর্শনী করছি। এত টাকা দিয়ে প্রদর্শনী করে টিকে থাকার সুযোগ নেই।’
মহিলা সমিতি সূত্র জানায়, সংস্কারের আগে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনের ভাড়া ছিল শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের সুবিধা ছাড়া ২ হাজার ২৫ টাকা এবং সুবিধাসহ ৪ হাজার ২৫ টাকা। বর্তমানে মঞ্চটির ভাড়া ভ্যাট ছাড়া ১০ হাজার টাকা এবং ভ্যাটসহ ১১ হাজার ৫০০ টাকা। প্রথম অবস্থায় ভাড়া ঠিক হয়েছিল ১৫ হাজার টাকা। এরপর মহিলা সমিতির সঙ্গে নাট্যব্যক্তিত্বরা আলোচনায় বসেন। তাঁদের অনুরোধে মহিলা সমিতি ভাড়া ১০ হাজারে নিয়ে আসে।
অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয় নাটকের প্রদর্শনীর জন্য। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টেজ ম্যানেজার ফজলে রাব্বি বলেন, নাট্যদলগুলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৫ হাজার ৭৫০ টাকা, পরীক্ষণ থিয়েটার হলে ৩ হাজার ৪৫০ টাকা ও স্টুডিও থিয়েটার হলে ২ হাজার ৩০০ টাকায় প্রদর্শনী করতে পারে। যেখানে মূল মিলনায়তনটির ভাড়া ভ্যাটসহ ২৩ হাজার টাকা। এ ছাড়া জামানত দিতে হয় আরও ৫ হাজার টাকা। সাধারণত পরীক্ষণ ও স্টুডিও থিয়েটারে নাটক ছাড়া অন্য কাজে ভাড়া দেওয়া হয় না।
বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বাখ্ত বলেন, ‘ফেডারেশনের কাছে ভাড়াটা বেশি মনে হয়েছে। আমাদের এখানে কোনো ভর্তুকি দেওয়া হয় না। আর যেহেতু এটি আধুনিক হল, এখন যে ভাড়া তাতে লাভ হচ্ছে না। মিলনায়তনের খরচ মেটাতেই এই টাকা চলে যায়। আমরাও একেবারে নিরুপায়। একবার সংস্কৃতিমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। সেটা হলে নাটক আরও বেশি হতো। শিল্পকলা একাডেমি থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা এখনো আমরা পাইনি।’