ভিনদেশে ভিড়েছে নাও...

কিছুদিন আগেই দলবল নিয়ে মহাজনের নাও ভিড়েছে টেমস নদীর পাড়ে। লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে আগামীকাল মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের এ নাটক। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের আমন্ত্রণে লন্ডনে গেছে দলটি। ২১ ও ২২ ডিসেম্বর মহাজনের নাও নাটকের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেখানে।
১৫ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ে সুবচন নাট্য সংসদের ১২ সদস্যের একটি দল। মঞ্চায়ন শেষে দলটি ২৩ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানান মহাজনের নাও-এর নাট্যকার শাকুর মজিদ। এটি সুবচন নাট্য সংসদের ৩৩তম প্রযোজনা। মহাজনের নাও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহাম্মাদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, সোনিয়া হাসান প্রমুখ। ভাটি অঞ্চলের লোকশিল্পী শাহ আবদুল করিমের জীবন, সাধনা, দর্শন ও কর্ম উপজীব্য করে নাটকের গল্প এগিয়েছে। ২০১০ সালে মহাজনের নাও-এর প্রথম মঞ্চায়ন হয়।