ভিন্ন ধারার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন নৃত্যশিল্পী শ্যাডো ও বাংলাদেশের অমিত l ছবি: রিদওয়ান আদিদ
মার্কিন নৃত্যশিল্পী শ্যাডো ও বাংলাদেশের অমিত l ছবি: রিদওয়ান আদিদ

পায়ের শব্দ হবে না। বাতাস চিড়ে শাঁই করে বাঁ থেকে ডানে চলে যাবে হাতটা। তখন শুধু একটুখানি আওয়াজ হবে, যেন হাওয়ায় দাগ কেটে লেখা হচ্ছে কোনো অব্যক্ত কথা। পশ্চিমা কনটেম্পরারি নাচের ধাঁচই এমন। নিশ্চুপ পরিবেশনা। কিন্তু হঠাৎ সেই নীরবতায় ছেদ পড়ল। কানে এসে লাগল ‘ধা তিন তিন, ধা তিন তিন’—এমন কিছু আলাপ। পশ্চিমা নাচের ‘বিট’-এর সঙ্গে মিশে গেল এই অঞ্চলের কত্থক আর ভরতনাট্যমের মুদ্রা। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর চিলেকোঠার পাশের মহড়াকক্ষে এমন করেই বারবার মিলেমিশে একাকার হচ্ছিল দুই অঞ্চলের নাচের ধারাগুলো। দুটি অঞ্চলের নাচকে দুমড়ে-মুচড়ে নতুন কিছু তৈরিতে উঠেপড়ে লেগেছিলেন বাংলাদেশের ১৭ শিল্পী ও মার্কিন মুলুকের এক স্বর্ণকেশী মেয়ে—শ্যাডো।
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের সহায়তায় চলছে মাসব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক বিনিময় প্রকল্প। এ প্রকল্পের অংশ হয়েই বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের স্পেকট্রাম ডান্স থিয়েটারের ডিরেক্টর জেনারেল ডোনাল্ড বার্ড। তাঁর সহযোগী হিসেবে আছেন শ্যাডো মিন্ট্রোনে নামের স্বর্ণকেশী এই নৃত্যশিল্পী। এই দুজন ৩ মে থেকে বাংলাদেশের ১৭ নৃত্যশিল্পীকে নিয়ে শুরু করেছেন ভিন্ন ধরনের একটি কর্মশালা। তত্ত্বাবধান করছে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’। কর্মশালায় কত্থক, ভরতনাট্যম, মণিপুরি—সবকিছু নিয়েই চলছে গবেষণা, সঙ্গে যোগ হয়েছে কনটেম্পরারি নাচ—ব্যালাড, ক্লাসিক্যাল জ্যাজসহ আরও অনেক ধারা।
‘শুধু সংস্কৃতি বিনিময় নয়, জীবনের অনেক খুঁটিনাটি বিষয়ও আমাদের মধ্যে আদান-প্রদান হচ্ছে। এই যেমন আমি এখান থেকে শিখে গেলাম এ দেশের শিল্পীদের মতো কঠোর পরিশ্রম করতে। আমাদের দেশে তো শুধু নিজেকে নিয়েই ভাবলে চলে। কিন্তু এখানে পরিবার, সমাজ, নগরব্যবস্থা—সবকিছু মাথায় নিয়ে চলতে হয়।’ এভাবেই গুছিয়ে বলছিলেন শ্যাডো। শ্যাডোর কথার ছায়া থেকেই তাঁর সহশিল্পী অমিত চৌধুরী জানালেন, শ্যাডোর কাছ থেকেও তাঁরা শিখেছেন অনেক। পেশাদারত্বকে কতটা নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়, তা নাকি এই মার্কিন নৃত্যশিল্পীকে না দেখলে বোঝাই যেত না।
মহড়ার সময় হয়ে এলে ডোনাল্ড বার্ড মহড়ায় ঢুকলেন। শিল্পীরা তটস্থ। কারণ, ডোনাল্ড নাচের বেলায় আপসহীন। সংস্কৃতি বিনিময় প্রকল্পের আওতায় ‘লুকিং ফরওয়ার্ড টু দ্য পাস্ট’ নামে যে নৃত্য প্রযোজনা আসছে, মঞ্চে তার কোরিওগ্রাফার এই ডোনাল্ড। আগামীকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিশু একাডেমীর মিলনায়তনে পরিবেশিত হবে এই নৃত্য প্রযোজনা। ঘণ্টা খানেকের এই অনুষ্ঠানে থাকবে পশ্চিমা আর উপমহাদেশীয় নাচের অদ্ভুত মিশেল। মিলেমিশে একাকার হয়ে যাবে দুই মহাদেশের নাচের ধারাগুলো। তৈরি হবে নতুন কিছু।