মঞ্চ নাটকে বাংলা সিনেমার গান

মন্টুমিয়া ও হাক্কামনি দু’জন দু’জনকে ভালোবাসে। আর দু’জনের মধ্যে এই ভালোবাসার সৃষ্টি হয় তাদের একই বাড়ির পাশাপাশি দুটি ফ্ল্যাটে থাকার কারণে। মন্টুদের নিজের বাড়ি, হাক্কারা মন্টুদের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকে। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত মিল। এই দুই পরিবারের নানা মজার ঘটনা নিয়ে নাটক ‘মন্টু মিয়া’র বায়োস্কোপ’।
শৌখিন থিয়েটারের প্রথম প্রযোজনা এটি। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মমতাজ উদদীন আহমেদ এর ‘প্রেম প্রেম’ অবলম্বনে হাসির নাটক ‘মন্টু মিয়া’র বায়োস্কোপ’ এর উদ্বোধনী প্রদর্শনী। নাটকটি নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান।

নাটকের গল্পে দেখা যাবে, হাক্কার বড় চাচা সদর আলী অবিবাহিত। তার সকল প্রকার গবেষণা হাক্কাকে নিয়ে, হাক্কাকে তিনি পাথরের মতো শক্ত ও হাওয়াই মিঠাইয়ের মতো নরম করে তৈরি করবেন। হাক্কা যেন যে কোন পরিস্থিতি খুব সহজে মোকাবিলা করতে পারে তার জন্য সদর আলীর তাকে রুটিন অনুযায়ী চলার নিয়ম করে দিয়েছেন। হাক্কার বাবা-মা চান হাক্কাকে বিয়ে দিবেন, হাক্কা ঘরসংসার করবে, স্বামী সংসার নিয়ে সুখে বসবাস করবে। সদর আলী তাদের কোন কথাই শোনেন না। হাক্কার বাবা-মার এ নিয়ে দুঃখের শেষ নেই। অন্যদিকে মন্টুর একমাত্র ফুপু উলফত্ আরা, তিনিও বিয়ে করেননি, তারও সকল চিন্তা ভাবনা সব মন্টুকে নিয়ে। মন্টুও তার জীবনের সকল প্রেরণা, সকল আশা ভরসা, মন্টুর একটু মন খারাপ করলে তার চিন্তার শেষ থাকে না। মন্টুর বাবার ইচ্ছে মন্টুর সঙ্গে তার শ্যালিকার মেয়ের বিয়ে দেবে কিন্তু মন্টুর ফুপুর জন্য তিনি তা করতে পারছে না। দৃশ্যের সঙ্গে সংগতি রেখে নাটককে প্রাণবন্ত করতে সত্তর-আশি দশেকের বাংলাদেশের চলচ্চিত্রের কিছু গান ব্যবহার করা হয়েছে।
মোঃ আলমগীর, চমক তাঁরা, শাখাওয়াত হোসেন শিমুল, তাস্মী চৌধুরী, আজমিরা কান্তা, জেনিতা রহমান, ওয়াহিদুজ্জামান জিতু, খায়রুল আলম প্রমুখ।