প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩৯ বছর পর আকস্মিকভাবে সন্তান জানতে পারে তার গর্ভধারিণী মায়ের ধর্ম আর তার ধর্ম এক নয়। ধর্মপরিচয়ে যে ফারাক রচিত হয়, তা কি মা-ছেলের সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে? ধর্মের ভিন্নতার কারণে ছেলে কি অস্বীকার করতে পারে তার মাকে? এমনি সব প্রশ্নের উত্তর খোঁজা এবং মানবের স্বরূপ প্রকাশের চেষ্টা হয়েছে মেরাজ ফকিরের মা নাটকে।
অনেক দিন বিরতির পর মঞ্চে এল নাটকটি। গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করে নাট্যদল থিয়েটার। রচনা ও নির্দেশনা প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের। রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, মজিবর রহমান, তানজুম আরা, মারুফ কবির প্রমুখ অভিনয় করেছেন নাটকে।