মঞ্চে আসছে 'গালিভারের সফর'

ভিশন থিয়েটারের নবম প্রযোজনা ‘গালিভারের সফর’ মঞ্চ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ২৫ জানুয়ারি রোববার। ওই দিন সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ভিশন থিয়েটারের সাংগঠনিক পরিচালক শেখ শাফায়েতুর রহমান জানিয়েছেন, ‘গালিভারের সফর’ নাটকের নির্দেশকের দায়িত্ব পালন করছেন গোলাম শাহরিয়ার সিক্ত। আবুল মনসুর আহমদের গল্প থেকে এর নাট্যরূপ দিয়েছেন গোলাম সারোয়ার। নাটকের বিভিন্ন চরিত্রে রয়েছেন আরিফুল ইসলাম, মুরাদ হোসেন, মনির হোসেন আবীর, নবীনা, সুষমী, মেরিন আক্তার, দীপু আহমেদ, পাপ্পু প্রমুখ।
‘গালিভারের সফর’ নাটকের বিষয়বস্তু সম্পর্কে জানা গেছে, জনাথন সুইফটের ‘গালিভারস ট্রাভেলস’ বইটির মর্মার্থকে নিয়ে আবুল মনসুর আহমদ একটি ব্যঙ্গাত্মক গল্প ‘গালিভরের সফর’ রচনা করেন। দীর্ঘ লম্বা ব্যক্তি এবং খর্বাকৃতি ব্যক্তিদের মাঝে গালিভারের ভ্রমণরহস্য ছিল। কিন্তু আবুল মনসুর আহমদ তাঁর রচনায় বুদ্ধিদীপ্ত মানুষের মাঝে কম বুদ্ধিসম্পন্ন মানুষের চিন্তা-চেতনার বৈপরীত্য নিয়ে ব্যঙ্গ করেছেন।