মঞ্চে আসছে 'ডিয়ার লায়ার'

দীর্ঘদিন পর আবার মঞ্চে দেখা যাবে তারকা অভিনয়শিল্পী আতাউর রহমান ও অপি করিমকে। এবার তাঁরা অভিনয় করবেন ‘ডিয়ার লায়ার’ নাটকে। সেখানে আতাউর রহমান জর্জ বার্নার্ড শ এবং অপি করিম হবেন ব্রিটিশ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেল স্টেলা। নাট্যম রেপার্টরির ষষ্ঠ প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন হবে ১৮ অক্টোবর।
সময়টা আঠারো শতকের শেষ, উনিশ শতকের শুরু। খ্যাতিমান সাহিত্যিক ও নাট্যকার জর্জ বার্নার্ড শ এবং ওই সময়ের বিখ্যাত মঞ্চ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেলের গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কের প্রমাণ পাওয়া যায় তাঁদের পরস্পরকে পাঠানো চিঠির মধ্যে। ডিয়ার লায়ার নাটকটি তাঁদের আলোচিত সেই প্রেমপত্র অবলম্বনে লেখা। মার্কিন লেখক জেরোম টিমোথি কিল্টির মূল লেখা থেকে বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনা দিয়েছেন আইরিন পারভিন।
আতাউর রহমান বলেন, ‘আমাদের ডিয়ার লায়ার নাটকটি হবে মূলত মিশ্র অভিনয়। অর্থাৎ মঞ্চ অভিনয় এবং পাঠাভিনয়ের মাঝামাঝি। চিঠিগুলো হাতে থাকবে ঠিকই, তবে তা দেখে পড়া হবে না। চিঠি হাতে থাকবে প্রপসের (দ্রব্য) মতো। অভিনয়ের মাধ্যমেই গল্প এগিয়ে যাবে। নাটকটি ১ ঘণ্টা ১০ মিনিটের মতো হবে।’ তিনি আরও জানান, এর আগে দিল্লিতে নাসিরুদ্দিন শাহ এবং তাঁর স্ত্রী রত্না পাঠকের অভিনয়ে নাটকটি দেখেছেন। সেটি ছিল ইংরেজিতে।
এবার তৃতীয়বারের মতো আতাউর রহমান ও অপি করিম মঞ্চ ভাগাভাগি করছেন। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী এবং সৈয়দ শামসুল হকের অপেক্ষমাণ নাটকে অভিনয় করেছেন তাঁরা। এ প্রসঙ্গে কথা হলে অপি করিম বলেন, ‘ডিয়ার লায়ার একেবারেই নতুন অভিজ্ঞতা আমার জন্য। তাই বুঝতে পারছি না কী হতে যাচ্ছে। তবে আমি মনে করি, আমাকে এই নাটকের প্রস্তুতির জন্য আরও চর্চা করতে হবে।’ অপি করিম বলেন, নিজের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের বাইরে এই প্রথম অন্য কোনো দলে অভিনয় করছেন তিনি।
নাটকের নির্দেশক আইরিন পারভিন বলেন, বর্তমানে মঞ্চে পাঠাভিনয়ের তেমন প্রচলন দেখতে পাওয়া যায় না। তাই এ বিষয়ের গুরুত্ব অনুধাবন করে নাট্যম রেপার্টরি ষষ্ঠ প্রযোজনা হিসেবে ডিয়ার লায়ার নাটকটি মঞ্চে আনছে। নাটকে দুই শিল্পীর হাতে চিঠি থাকলেও প্রচুর ‘মুভমেন্ট’ (অভিনয়ের স্বার্থে নড়াচড়া) আছে।
লোপা জানান, অপি করিমকে নিয়ে এই প্রথম কাজ করছেন তিনি। এর আগে প্রলম্বিত প্রহর নামের নাটকে তিনি আতাউর রহমান এবং মিতা চৌধুরীকে নিয়ে কাজ করেছেন। মিতা চৌধুরী দেশের বাইরে চলে যাওয়ার কারণে নাটকটি আর মঞ্চায়ন করা হয়নি।
ইতিমধ্যে গত ২৭ সেপ্টেম্বর এই নাটকের কারিগরি প্রদর্শনী হয়েছে। ১৮ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন একই মঞ্চে থাকছে নাটকটির দুটি প্রদর্শনী।