মঞ্চে এল নতুন নাটক চণ্ডীদাস

মঞ্চে সেটের তেমন বাহুল্য নেই। রাজার সিংহাসন টাইপের ছোট্ট পাটাতন। ছিমছাম সুন্দর পরিবেশ। পেছনে বিশাল আকারের সাদা পর্দা। নাটক শুরুর বেল বাজতেই প্রায় একসঙ্গে মঞ্চে ঢুকলেন নাটকের পাত্রপাত্রীরা। মনে হলো এই বুঝি নাটক শুরু হবে। কিন্তু নাটক শুরু হলো না। নাটকের আগে কিছুটা নাটকীয়তা। অভিনেতা-অভিনেত্রীরা দর্শকের সামনেই মঞ্চে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কুশলবিনিময় করলেন। একে অপরকে জড়িয়ে ধরে শুভকামনা জানালেন। তারপর একসময় শুরু হলো চণ্ডীদাস নাটকের মূল কার্যক্রম।
প্রেম ও মানবতার কবি চণ্ডীদাসের জীবনকাহিনি অবলম্বনে চণ্ডীদাস নামে ঢাকার নাটকপাড়ায় নতুন এই নাটকটি মঞ্চে এনেছে তরুণ প্রজন্মের নাট্য সংগঠন ‘এথিক’। বিরতিহীন প্রায় দেড় ঘণ্টার এই নাটকে অনেকের অভিনয় ছিল উল্লেখ করার মতো। বিশেষ করে চণ্ডীদাসের ভূমিকায় সুকর্ন আহমেদ ও চণ্ডীদাসের প্রেমসঙ্গিনীর ভূমিকায় রুপা ইমতিয়াজের অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। এ ছাড়া রাজার চরিত্রে কাজী প্যারিস, তাঁর ছেলের চরিত্রে মনি কাঞ্চন এবং কবি বিদ্যাপতির চরিত্রে মিন্টু সরদারের অভিনয় ছিল বিশেষভাবে উল্লেখ করার মতো। নাটকে কোরাস ব্যবহার করা হয়েছে। কিন্তু সমন্বয়হীনতার ফলে মঞ্চে শিল্পীদের কণ্ঠে কোরাস ততটা উতরে যায়নি। তবে এ ক্ষেত্রে কোরাস টিমের প্রধান ইমতিয়াজ আসাদের চেষ্টা ছিল প্রশংসনীয়। নাটকে আলোর ব্যবহারে কিছুটা ত্রুটি ছিল। তবে সার্বিক দৃষ্টিকোণ থেকে বলা যায় এথিকের চণ্ডীদাস ঢাকার নাটকপাড়ায় ভবিষ্যতে একটি সফল প্রযোজনা হিসেবে বিবেচিত হবে। অবশ্য এ জন্য এথিক কতটা প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়। নাটকটি লিখেছেন অপু শহীদ। নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। দুজনই এথিকের কর্মকর্তা।
৭ জানুয়ারি এথিকের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত এক আলোচনা পর্বে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য বিশিষ্ট অভিনেতা নাদের চৌধুরী, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, কেন্দ্রীয় পরিষদ সদস্য জিয়াউল হাসান, এথিকের সভাপতি রেজানুর রহমান, সাধারণ সম্পাদক অপু শহীদসহ বিশিষ্টজনেরা নাটক শুরুর আগে বক্তব্য দেন।