মঞ্চে নতুন নাটক 'বোধ'
অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানের জন্য আলু চুরি করে আনেন ক্ষুধার্ত গৃহকর্তা। সেই আলু নিয়ে পরিবারে শুরু হয় কলহ। সারা পৃথিবীতে অবলীলায় উচ্ছিষ্ট হচ্ছে প্রচুর খাবার। অথচ ক্ষুধার্ত একটি পরিবার চুরি করা আলু খাবে কি না, তা নিয়ে শুরু হয় বিতণ্ডা। এই বোধ নিয়ে সংলাপ নাট্যদলের নতুন নাটক বোধ।
মারাঠি গল্পকার মুন্সী প্রেমচাঁদের ‘কঙ্কণ’ গল্প থেকে তৈরি হয়েছে বোধ নাটকটি। অনুবাদ করেছেন স্বপন দাস এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। ৮ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জলসিঁড়ি নাট্যোত্সবে আজ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাবিবুর রহমান, মঈনুদ্দীন হাসান, হিমা মৃধা, শাকিল আহমেদ, মাইনুল ইসলাম। সংলাপ নাট্যদলের সাধারণ সম্পাদক মাসুদ আলম জানান, শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও মঞ্চস্থ হবে নাটকটি। ৩০ বছরের বেশি সময় ধরে মঞ্চে কাজ করছে নাট্যদল সংলাপ। বোধ এই দলটির ২৬তম প্রযোজনা।