মঞ্চে সৈয়দ ওয়ালীউল্লাহ 'তরঙ্গভঙ্গ'

মঞ্চে উঠছে নন্দিত কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর ‘তরঙ্গভঙ্গ’। আসছে শুক্রবার ২৯ জুলাই থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। এদিন বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অতিদরিদ্র আমেনা ক্ষুধার জ্বালা সইতে না পেরে হত্যা করে তার শিশুসন্তানকে। কঠিন রোগে মরণাপন্ন স্বামীকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে ধুতরার বিষ খাইয়ে মেরে ফেলে। তবু বিচারালয়ের কাঠগড়ায় আমেনা থাকে অবিচলিত। বিষণ্ন হয়ে ওঠেন বিচারক। অসম সমাজব্যবস্থার প্রকৃত রূপটি ধরতে পারেন তিনি। সমাজে যা কিছু সচরাচর ঘটে, তার ক্রিয়া-প্রতিক্রিয়া একই ধারায়, একই তরঙ্গে আবর্তিত। তারপরও প্রশ্ন জাগে ও অসংগতিগুলো বারবার ধরা পড়ে। মানবিক ও নৈতিক বিবেচনায় এই প্রবহমান ধারার বিপরীতে নতুন দৃষ্টিভঙ্গির একটি মঞ্চভাষ্য ‘তরঙ্গভঙ্গ’।
তির্যক নাট্যদলের ৪৪তম প্রযোজনা ‘তরঙ্গভঙ্গ’ নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। মঞ্চে ও মঞ্চের পেছনে নাটকটির জন্য কাজ করেছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম, এ কে এম ইছমাইল, মফিজুর রহমান, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, জয়া বড়ুয়া, কিরীটি সাহা, মোহাম্মদ নুরুদ্দিন নিহাল, তন্বী চৌধুরী, আবদুল্লাহ আল মামুন ও আহমেদ ইকবাল হায়দার।
গত ৪২ বছরে নিজেদের ৪৩টি নাটকের ২ হাজার ৬৯৪টি প্রদর্শনী করেছে তির্যক। এগুলোর মধ্যে শততম প্রদর্শনী হয়েছে আটটি নাটকের এবং দুই শততম প্রদর্শনী হয়েছে অন্য একটির। নতুন নাটক ‘তরঙ্গভঙ্গ’-এর অগ্রিম টিকেট পাওয়া যাবে টিআইসি হল কাউন্টারে।