মঞ্চে 'অ্যান ইন্সপেক্টর কলস'

আজ থেকে শুরু হচ্ছে ‘অ্যান ইন্সপেক্টর কলস’ নাটকের টানা পাঁচ দিনের প্রদর্শনী। পাঁচ দিনে সাতটি প্রদর্শনী হবে নাটকটির। ব্রিটিশ নাট্যকার জে বি প্রিসলির লেখা নাটক এটি। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের মস্কোতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল। গত ৭৩ বছরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানিসহ আরও অনেক দেশে নাটকটি প্রদর্শিত হয়েছে। যাত্রিক প্রোডাকশনের প্রযোজনায় নাটকটি নির্দেশনা দিচ্ছেন নায়লা আজাদ। জানা গেছে, ২০১৬ সালের গোড়ার দিকে গুলশান ক্লাবে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। কিন্তু হোলি আর্টিজানের ঘটনার পর নাটকটি বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে নতুন কলাকুশলী নিয়ে নতুনভাবে মঞ্চে আনা হচ্ছে নাটকটি।
নাটকটিতে অভিনয় করেছেন বড় ও ছোট পর্দার অভিনেতা ইরেশ যাকের। তাঁর কাছে এটি ‘প্রথম’বারের মতো মঞ্চে অভিনয়। তবে সেটা ‘প্রাপ্তবয়স্ক’ হওয়ার পরে প্রথম। কারণ ১১ বছর বয়সে গ্যালিলিও নাটকে একজন খুদে অভিনয়শিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন। নাটকটিতে ইরেশ যাকের ছাড়াও অভিনয় করেছেন বায়েজিদ হক জোয়ারদার, কাজী তৌফিকুল ইসলাম, মিতুল মাহমুদ, সামিনা লুৎফা, প্রিয়াম অর্চি ও ওয়াসি নূর আজম। নাটকটি আজ থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শো শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়। তবে শেষ দুই দিন শুক্র ও শনিবার বেলা তিনটা ও সন্ধ্যা সাতটায় হবে দুটি করে শো। দর্শনীর বিনিময়ে উপভোগ করা যাবে নাটকটি।