মঞ্চের উদ্বোধন হবে 'ভঙ্গ বঙ্গ' দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্নান হীরা
মান্নান হীরা
প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরণ্যক নাট্যদলের পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্যদলের সম্মিলিত আমন্ত্রণে আরণ্যক নিয়ে যাচ্ছে দলের তিনটি নাটক। এ উৎসব প্রসঙ্গে কথা বললেন আরণ্যকের প্রধান সম্পাদক মান্নান হীরা।

হঠাৎ পশ্চিমবঙ্গে নাট্যোৎসব...?

আরণ্যকের নাটক বাংলাদেশের সমাজ এবং মানুষকে নিয়ে নির্মিত হলেও এর একটি আন্তর্জাতিক চেহারা আছে। সারা পৃথিবীর মানুষের শ্রেণি-সংগ্রামের কথা থাকে আরণ্যকের নাটকে। সারা পৃথিবীতে এসব নাটকের মঞ্চায়ন হওয়া দরকার, কিন্তু তা সম্ভব নয়। ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুবই কাছে। দুই দেশের একই ভাষা ও সংস্কৃতি। তাই স্বাভাবিকভাবে এ রকম একটি উৎসবের আয়োজনে আরণ্যকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
কোন নাটক নিয়ে যাচ্ছেন?
মামুনুর রশীদের রচনা এবং ফয়েজ জহিরের নির্দেশনায় যাচ্ছে মঞ্চনাটক ভঙ্গ বঙ্গ। তাঁর রচনায় যাচ্ছে আরও দুটি পথনাটক মূর্খ লোকের মূর্খ কথা এবং আগুনের জবানবন্দী। প্রথমটির নির্দেশক আমি, অন্যটির আবু হাশিম মাসুদুজ্জামান।
কবে থেকে মঞ্চায়ন হবে?
২৩ জানুয়ারি উদ্বোধনী দিনে অশোক নগরে মঞ্চস্থ হবে দুটি পথনাটক। ২৪ ও ২৫ জানুয়ারি গোবরডাঙ্গার চৌরঙ্গী মঞ্চের উদ্বোধন হবে ভঙ্গ বঙ্গ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে। মঞ্চ উদ্বোধন করবেন মামুনুর রশীদ। ২৬ ও ২৭ তারিখে মঞ্চায়ন হবে কল্যাণী এবং কলকাতার দুটি মঞ্চে।
আরণ্যকের পরবর্তী নতুন প্রযোজনা...
আমার রচনা ও নির্দেশনায় দি জুবলী হোটেল নামে একটি নতুন নাটকের কাজ শুরু হয়েছে। আরও একটি নতুন নাটকের পাণ্ডুলিপির কাজ হচ্ছে। পাশাপাশি আরণ্যকের নিরীক্ষাধর্মী প্রযোজনা তো থাকছেই।
সাক্ষাৎকার: সুজাত হোসেন