মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় কাল পরশু দুই নাটক

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে মণিপুরি থিয়েটারের মাসব্যাপী নাট্যমেলা। প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’—এই স্লোগান নিয়ে গত ২৭ অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার ‘নটমণ্ডপ’-এ নাট্যমেলা উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় মণিপুরি থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’। মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে।
এ ধারাবাহিকতায় নাট্যমেলায় নটমণ্ডপে এ সপ্তাহে মঞ্চস্থ হবে দুটি নাটক। কাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে নাটক ‘নীলাখ্যান’। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প অবলম্বনে আনন জামানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান।

পরদিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে মণিপুরি থিয়েটারের নাট্যপ্রযোজনা ‘লেইমা’। ফেদেরিকো গারসিয়া লোরকার ‘ইয়ের্মা’ অবলম্বনে নাটকটির ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
উল্লেখ্য, মণিপুরি থিয়েটারের ৫টি ও ঢাকার ৬টি’সহ মোট ১১টি নাটক মঞ্চস্থ হবে। বাংলাদেশের অন্যতম নাট্যদল থিয়েটার (নাটক সরণি), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট এবং মণিপুরি থিয়েটার এই উৎসবে নাটক মঞ্চস্থ করবে।