মন কাড়ল ছৌ নৃত্য

নন্দিত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সন্তোষ নায়ারের পরিবেশনায় মুগ্ধ হলো দর্শক। মঙ্গলবার সন্ধ্যায় নৃত্যযোগের আয়োজনে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হলভর্তি দর্শকের সামনে পরিবেশিত হলো ছৌ নৃত্য। এতে অংশ নিয়েছিলেন সন্তোষ নায়ারের শিষ্যরাও। ২২ জুলাই থেকে ৬৫ জন শিক্ষার্থী নিয়ে তিনি শুরু করেছিলেন কর্মশালা। এরই সমাপ্তি ঘটল এদিন।
পরিবেশনার সময় ছৌ নৃত্যের বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা বলেন সন্তোষ নায়ার, সঙ্গে সঙ্গে তা মঞ্চে উপস্থাপন করেন কর্মশালায় অংশগ্রহণকারী তাঁর শিষ্যরা।
দিল্লি থেকে আসা এই গুণী নৃত্যশিল্পী কর্মশালায় শিখিয়েছেন ময়ূরভঞ্জ ছৌ। ছিল সমসাময়িক নাচের কৌশল সহযোগে নৃত্য পরিবেশনও।
পরিবেশনার মাঝামাঝি সময়ে সন্তোষ নায়ারের ওপরে একটি ছোট্ট তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে সন্তোষ নায়ারকে ধন্যবাদ জানান শর্মিলা বন্দ্যোপাধ্যায়সহ নৃত্যযোগের কর্মকর্তারা ও উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।