মনিপুরের উৎসবে ঢাকার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সে রাতে পূর্ণিমা ছিল’ নাটকটি নিয়ে মণিপুরের পথে নাটকের দল আরশিনগর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফলে ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৫’। সাত দিনের এই উৎসবের শেষ দিনে প্রদর্শিত হবে ‘সে রাতে পূর্ণিমা ছিল’ নাটকটি। ভারত ও বাংলাদেশ ছাড়াও এই উত্সবে অংশ নিচ্ছে চীন ও জাপানের নাটকের দল। আগামী ২৮ নভেম্বর ইম্ফলের চন্দ্রাকৃতি মিলনায়তনে নাটকটি পরিবেশন করবে আরশিনগর।

আরশিনগর থিয়েটারের প্রধান রেজা আরিফ প্রথম আলোকে জানান, ‘আমি যদি ভুল না করে থাকি, মনিপুরের সবচেয়ে বড় এই নাট্যত্সবে প্রথম বাংলাদেশী দল হিসেবে অংশ নিতে যাচ্ছে আমাদের দলটি।’
‘সে রাতে পূর্ণিমা ছিল’ নাটকটির মূল গল্প নেওয়া হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা ছিল’ থেকে। নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। নাচ আর গানের চমৎকার সমাহারের কারণে ইতিমধ্যেই বাংলাদেশের নাট্যপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে নাটকটি। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, পার্থ, মিন্টু, মন্ময়ী, রূপা, আতিক, সোহেল, বনি, সিনথিয়া, রায়হান, রমিত, জুম্মন, সফুকা, ইউনুস, বাপ্পা, হৃদয়, সনেটসহ আরো অনেকে।